পাকিস্তানে মার্কিন নাগরিক অপহূত
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে নিজ বাড়ি থেকে এক মার্কিন নাগরিককে আজ শনিবার অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। পুলিশ এ কথা জানিয়েছে।তবে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা এ খবরের সত্যতা নিশ্চিত করার চেষ্টা করছে।পুলিশ কর্মকর্তা তাজমাল হুসেইন জানান, অপহূত মার্কিন নাগরিকের নাম জে ই ওয়ার্নার। তিনি দেশটির জঙ্গি অধ্যুষিত উপজাতি এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের কাজ করছিলেন। ঘটনার বিবরণ দিয়ে তাজমাল হুসেইন জানান, ওয়ার্নার পাঁচ থেকে ছয় বছর ধরে পাকিস্তানে বাস করছেন। তিনি বেশির ভাগ সময় ইসলামাবাদে থাকলেও সম্প্রতি লাহোর সফরে এসেছিলেন। আজ ভোররাতে সেহরির সময় ছয় থেকে আট অজ্ঞাত ব্যক্তি তাঁকে তাঁর বাড়ি থেকে অপহরণ করে। পুলিশ বলছে, এ সময় নিরাপত্তারক্ষীরা সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন।অপর এক পুলিশ কর্মকর্তা জানান, অপহরণকারীদের ব্যাপারে তাঁদের কাছে বিস্তারিত তথ্য নেই। রয়টার্স।