পাকিস্তানে মার্কিন পাঁচ যুবককে ১০ বছর করে কারাদণ্ড
পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মার্কিন পাঁচ যুবকের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।পাকিস্তানে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র করা এবং নিষিদ্ধঘোষিত জিহাদি গ্রুপগুলোকে আর্থিক সহায়তার অভিযোগ আনা হয় ১৯ থেকে ২৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের ওই পাঁচ নাগরিকের বিরুদ্ধে। গত ডিসেম্বর মাসে পাকিস্তানের সারগোদা শহর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রসিকিউটরদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানায়।ওই পাঁচজনের মধ্যে দুজন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। অন্য তিনজন ইরিত্রিয়া, ইথিওপিয়া ও মিশরের বংশোদ্ভূত। মামলাটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাকিস্তানে সন্ত্রাসী কর্মতত্পরতায় জড়িত হওয়ার মধ্যে একটি।তদন্তকারী কর্মকর্তারা জানান, এই পাঁচজন আফগানিস্তানে গিয়ে আল-কায়েদার হয়ে যুদ্ধ করার পরিকল্পনা করছিলেন। অভিযোগ অস্বীকার করে তাঁরা বলেন, আফগানিস্তানে তাঁরা মানবিক কাজ করার জন্য যাচ্ছিলেন। এ ছাড়া তাঁরা মার্কিন এফবিআই ও পাকিস্তানি পুলিশের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তবে কর্মকর্তারা তাঁদের এই অভিযোগ অস্বীকার করেছেন।