পাকিস্তানে মৃতের সংখ্যা ৪০, উদ্ধারে সেনাবাহিনী
পাকিস্তানের ভূমিকম্পবিধ্বস্ত বেলুচিস্তান প্রদেশের মাশকেল এলাকায় উদ্ধার তৎপরতায় আজ বুধবার সকালে সেনাবাহিনী পাঠানো হয়েছে। সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে।গতকাল মঙ্গলবার পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভারত ও আরব উপসাগরীয় এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়।ভূমিকম্পে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাশকেল এলাকায় ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। প্রাণহানির কথা অস্বীকার করে ইরান দাবি করেছে, ভূমিকম্পে সেখানে মাত্র ২৭ জন আহত হয়েছে।আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের বরাত দিয়ে ‘দ্য ডন’ পত্রিকার অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়, উদ্ধার তত্পরতায় সহায়তার জন্য আজ সকালে পাকিস্তান সেনাবাহিনীর চারটি হেলিকপ্টার বেলুচিস্তান প্রদেশের মাশকেল এলাকায় পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ওষুধ, খাবার, মোটা কাপড় ও কম্বল বিতরণ করা হচ্ছে।শক্তিশালী ভূমিকম্পে মাশকেল এলাকার কয়েক শ বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪০ জনের প্রাণহানির খবরের সত্যতা নিশ্চিত করেছে। এখনো অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিত্সার জন্য কোয়েটার সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে বলেন, তাঁর সংস্থা আক্রান্ত ব্যক্তিদের সহায়তার জন্য প্রস্তুত।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছেন।