পাকিস্তানে যথাসময়ে নির্বাচন আয়োজনের নির্দেশ সুপ্রিম কোর্টের
পাকিস্তানের সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যথাসময়ে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন। আদালত এমন সময় এ আদেশ জারি করলেন, যখন দেশটিতে নির্বাচন আয়োজন ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা নিয়ে জনমনে আশঙ্কা ও ভীতি কাজ করছে।রয়টার্স জানায়, পাকিস্তানে গুজব আছে সামরিক বাহিনী সুপ্রিম কোর্টের সহায়তায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকারকে উত্খাত করতে চাইছে। তবে আজকের নির্দেশের মধ্য দিয়ে গুজবে ইতি টানা হলো বলে ধারণা করা হচ্ছে। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনো সরকার তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে চলেছে। প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী নির্দেশ দেন, ‘রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষ অবশ্যই এমন কোনো কাজ করবে না বা কোনো পদক্ষেপ নেবে না, যা নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে পারে।... সংবিধানের কোনো ধরনের বিচ্যুতি ঘটালে বা সংবিধানে অনুমোদিত নয় এমন কোনো শাসনব্যবস্থা চালুর চেষ্টা করলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না।’আসছে মে মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাত্র দুই সপ্তাহ আগে প্রভাবশালী ধর্মীয় নেতা তাহিরুল কাদরি সরকারের পদত্যাগের দাবিতে তাঁর হাজার হাজার অনুসারী নিয়ে দেশটির পার্লামেন্টের সামনে দুই দিন ধরে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।তাহিরুল কাদরি কানাডায় তাঁর ছয় বছরের আবাস গুটিয়ে নির্বাচনের কয়েক মাস আগে দেশে ফিরেছেন। ১৯৯৯ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলকে জায়েজ করতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাই তাঁর সরকার পতনের ডাক ‘রাজনৈতিক সরকারব্যবস্থার’ ইতি টানবে বলে ধারণা করা হচ্ছিল। প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর নেতৃত্বে সুপ্রিম কোর্ট দেশটির সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বিরোধে জড়িয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য হলো, দেশটি পারমাণবিক বোমা বানিয়েছে, কিন্তু তার রাজনীতিকেরা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি সেটা কীভাবে পরিচালিত হবে। আদালত প্রধানমন্ত্রীকে এক মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন, এমন গুজব সৃষ্টি হলে জনমনে শঙ্কা আরও বেড়ে যায়।