পাকিস্তানে যাচ্ছে না ‘এজেন্ট বিনোদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র দুই দিন পর মুক্তি পাচ্ছে সাইফ আলি খানের ‘এজেন্ট বিনোদ’। বর্তমান ভারত-পাকিস্তান সম্পর্কের একটি চিত্র ফুটে উঠেছে ছবিটিতে। এজেন্ট বিনোদে একজন পাকিস্তানির চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর। ২৩ মার্চ শুক্রবার ভারতের পাশাপাশি পাকিস্তানেও মুক্তি পাওয়ার কথা ছিল এজেন্ট বিনোদের। পাকিস্তানের জন্য পরিবেশকও পেয়ে গিয়েছিলেন সাইফ। কিন্তু শেষ মুহূর্তে এসে পাকিস্তানে ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।ছবিটির পাকিস্তানি পরিবেশক আবদুল রশিদ বলেছেন, ‘পাকিস্তানে এজেন্ট বিনোদ মুক্তি দেওয়ার অনেক ইচ্ছে ছিল। এরই মধ্যে ছবিটির প্রচারণার কাজে ২০ হাজার ডলার খরচও করে ফেলেছি। কিন্তু পুরো ছবি দেখার পর এটা মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এমন কোনো ছবি পাকিস্তানে প্রদর্শিত হতে দেওয়া যায় না যেখানে আমার দেশ এবং ধর্মকে হেয়প্রতিপন্ন করা হয়।’ এক খবরে জানিয়েছে টিএনএন। রশিদ আরও বলেছেন, ‘ছবির প্রোমোতেও পাকিস্তানবিরোধী অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ইরোস ইন্টারন্যাশনালের সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু বিষয়টিকে অস্বীকার করা হয়েছে। ছবিতে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার নাম ব্যবহারের বিষয়টি আমাদেরকে শঙ্কিত করেছে। এ ছাড়া কোনো রকম অনুমতি ছাড়াই করাচি বিমানবন্দরে দৃশ্য ধারণ করেছেন ছবির পরিচালক। আমি বিশ্বাস করি, চলচ্চিত্রের মতো বিনোদন মাধ্যমের ভারত-পাকিস্তান চির বৈরী সম্পর্কে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই কাজ করা উচিত। কিন্তু আমার ধারণা, এজেন্ট বিনোদ ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়াকে আরও হুমকির মুখে ঠেলে দেবে। এসব দিক বিবেচনা করেই পাকিস্তানে ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।’এদিকে এজেন্ট বিনোদ ছবির পরিচালক শ্রীরাম রাঘবন জানিয়েছেন, ‘কোনো দেশের মানুষ বা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে এই ছবি বানানো হয়নি। ছবি নির্মাণের সময় এ বিষয়টি নিয়ে আমরা খুবই সতর্ক ছিলাম। ছবিতে পাকিস্তানবিরোধী কোনো অবস্থান নেওয়া হয়নি। শুক্রবার ছবিটি মুক্তি পেলেই সবাই এর প্রমাণ পেয়ে যাবেন। ছবিটিতে আজকের ভারত-পাকিস্তান সম্পর্কের একটি প্রকৃত চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ছবির গল্পের প্রয়োজনে এক রকম বাধ্য হয়েই আইএসআই প্রসঙ্গটি আনতে হয়েছে।’