পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪
তালেবান ও আল-কায়েদার অন্যতম অভয়ারণ্য পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের চালকহীন বিমান থেকে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে অন্তত ১৪ জন জঙ্গি নিহত হয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। গত ১ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারে গাড়ি বোমা হামলা চালানোর ব্যর্থ চেষ্টার পর আফগানিস্তানের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম পাকিস্তানে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা।টাইমস স্কয়ারে বোমা হামলা চালানোর চেষ্টার সঙ্গে আল-কায়েদা ও পাকিস্তানি তালেবান জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ রয়েছে। এসব জঙ্গিরা পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় তাঁদের কার্যক্রম পরিচালনা করে আসছে। উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দাত্তাখেল গ্রামে চালকহীন বিমান থেকে এই হামলা চালানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকায় কর্মরত একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘তিনটি ক্ষেপণাস্ত্র একটি গাড়িকে আঘাত করে ও গাড়িতে থাকা তিন জঙ্গি নিহত হন।’ তিনি আরও বলেন, পাশের একটি পাহাড়ে জঙ্গিদের তৈরি একটি তাঁবুতে অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়। এতে অন্তত পাঁচ জঙ্গি নিহত হন। অপর এক কর্মকর্তা ওই তাঁবুকে জঙ্গিদের ঘাঁটি হিসেবে উল্লেখ করেন।সিআইএর চালকবিহীন বিমান হামলাকে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসলামাবাদ প্রকাশ্যে এর বিরোধিতা করে আসছে। এ ছাড়া এ ধরনের হামলা যুক্তরাষ্ট্রবিরোধী অনুভূতিকে জাগ্রত করছে, যা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পাকিস্তানের উদ্যোগকে আরও জটিল করছে।গত রোববার ওই এলাকায় একই ধরনের একটি হামলায় ছয় জঙ্গি নিহত হন।