পাকিস্তানে যুগলকে বিবস্ত্র করায় পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে প্রকাশ্যে এক যুগলকে বিবস্ত্র করে টেনেহিঁচড়ে থানায় নেওয়ার অভিযোগে গত শনিবার কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিন্ধু নগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মুমতাজ মিরবাহার নামের একজন পুরুষ ও শাহনাজ বিবি নামের একজন নারীকে আটক করে। খবর বিবিসির। পুলিশের অভিযোগ, ওই যুগল বিবাহবহির্ভৃত শারীরিক সংসর্গের চেষ্টা করেছে। মুঠোফোনে ধারণ করা দৃশ্যে দেখা গেছে, পুলিশ দুজনকেই বিবস্ত্র করে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাচ্ছে। ভিডিও দৃশ্যে দেখা যায়, মিরবাহারকে পুলিশ বেধড়ক মারধর করছে। এ সময় শাহনাজ বিবি কাপড় পরার জন্য পুলিশের কাছে কাকুতি-মিনতি করছিলেন। কিন্তু পুলিশ তাঁর অনুরোধ না শুনে তাঁকেও পেটাতে থাকে। পুলিশের সদস্যরাই এ দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। এ ঘটনায় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়।পাকিস্তানে প্রকাশ্যে এ ধরনের নিগ্রহের ঘটনা প্রায়ই ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ প্রকাশ্যে এ ধরনের ঘটনায় জড়িত থাকায় এবং দৃশ্যটি মুঠোফোনে ধারণ করায় সমালোচনার ঝড় ওঠে। পুলিশ জানায়, ওই পুরুষের বিরুদ্ধে স্থানীয়ভাবে কয়েকটি অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয়। অবশ্য তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তবে ওই নারী এখনো নিরাপত্তা হেফাজতে আটক রয়েছেন। মানবাধিকারকর্মীরা বলেছেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা করা না গেলে পুলিশের ক্ষমতার অপব্যবহারের ঘটনা কমবে না।