যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ প্রদর্শনের প্রতিবাদে মুসলিম বিশ্বের দেশগুলোতে বিক্ষোভের ঝড় উঠেছে। পাকিস্তানে বিক্ষোভ রক্তক্ষয়ী সহিংসতায় রূপ নিয়েছে। দেশটিতে সংঘর্ষে এ পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ফ্রান্স, তিউনিসিয়া, মালয়েশিয়া, লেবাননসহ বেশ কয়েকটি দেশে আজ শুক্রবার বিক্ষোভের ডাক দিয়েছিল বড় রাজনৈতিক দল ও ধর্মীয় সংস্থাগুলো। ফ্রান্স বিক্ষোভের আশঙ্কায় ২০টি দেশে তাদের দূতাবাস ও কার্যালয় বন্ধ করে দিয়েছে। তবে পাকিস্তান বাদে বাকি দেশগুলোতে সহিংসতার আশঙ্কায় বিক্ষোভ নিষিদ্ধ করা হয় ও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ফলে এসব দেশে বিক্ষোভ ছিল অনেকটা শান্তিপূর্ণ।খবর বিবিসি ও সিএনএনের।ইসলামবিরোধী চলচ্চিত্রটি প্রদর্শনের প্রতিবাদে সারা বিশ্বে চলছে তুমুল অস্থিরতা। পাকিস্তানের উত্তরাঞ্চলের পেশোয়ারে বিক্ষোভকারীরা দুটি প্রেক্ষাগৃহে হামলা চালান। তাঁরা সেখানে সবকিছু লন্ডভন্ড করে দেন।পুলিশ বিক্ষোভকারীদের সরাতে ফাঁকা গুলি চালালে পাকিস্তানের এআরওয়াই টিভির এক গাড়িচালকসহ পাঁচ জন নিহত হন। এ ছাড়া এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। এদিকে পাকিস্তানের বন্দরনগর করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভকারীরা হামলার চেষ্টা চালালে দুজন পুলিশ কর্মকর্তা আহত হন। বিবিসির খবরে বলা হয়, পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালালে ১০ জন নিহত হন। তবে স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানায়, গুলি কোথা থেকে আসছিল, তা তারা জানে না।এদিকে লাহোরে মার্কিন কনস্যুলেটের সামনেও বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। নিরাপত্তার জন্য পাকিস্তানের বেশির ভাগ এলাকায় মুঠোফোনের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান সরকার শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানায়। চলমান বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ অপ্রয়োজনে পাকিস্তান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে ফ্রান্স বিক্ষোভের আশঙ্কায় ২০টি দেশে তাদের দূতাবাস ও কার্যালয় বন্ধ করে দিয়েছে। ফ্রান্সের ‘শার্লি হেবদো’ সাময়িকী মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গাত্মক দুটি কার্টুন প্রকাশ করেছে। ফ্রান্সের মুসলিম নেতারা সাময়িকীতে প্রকাশিত ওই কার্টুন প্রকাশের নিন্দা জানিয়েছেন। অন্যদিকে তিউনিসিয়াতেও সরকার বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। লিবিয়ার বেনগাজিতেও ছিল বিক্ষোভের আশঙ্কা। লেবাননে কট্টরপন্থী হিজবুল্লাহর সমর্থক গোষ্ঠী শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুই হাজার লোক মার্কিন দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন।