পাকিস্তানে লস্কর-ই-জাংভির প্রধান নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গত ২৪ ফেব্রুয়ারি মার্কিন চালকবিহীন যুদ্ধবিমান হামলায় যিনি নিহত হন, তিনি দেশটির জঙ্গি দল লস্কর-ই-জাংভির প্রধান কারি মোহাম্মদ জাফর। সুন্নি মুসলিমদের এই চরমপন্থী গ্রুপটি ২০০৫ সাল থেকে আল-কায়েদা ও পাকিস্তানি তালেবানদের সঙ্গে একযোগে কাজ করে আসছে। জঙ্গিরা আজ বুধবার বিবিসি উর্দুকে জানায়, জাফরের স্থলাভিষিক্ত হচ্ছেন মুফতি আবুজার খানজারি। যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সরকার ২০০৬ সালের মার্চ মাসে মার্কিন কনস্যুলেটের ওপর যে হামলা হয় সে ঘটনায় জাফরকে খুঁজছিল। জাফরকে গ্রেপ্তার করা যায় এমন তথ্যের জন্য যুক্তরাষ্ট্র পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে। কারি মোহাম্মদ জাফর দক্ষিণ ওয়াজিরিস্তানে বাস করতেন। তালেবানদের আত্মঘাতী বোমা হামলার প্রধান প্রশিক্ষক কারি হুসেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ২০০১ সালে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার জন্য লস্কর-ই-জাংভিকে নিষিদ্ধ করা হয়। ২০০২ সালে মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যার সঙ্গেও জঙ্গি দলটির জড়িত থাকার কথা জানা গেছে। ইসলামাবাদে নিযুক্ত বিবিসির সাংবাদিক সায়্যিদ সোয়েব হাসান বলেন, লস্কর-ই-জাংভি সম্প্রতি বেশ কয়েকটি হামলা চালিয়েছে। ২০০৯ সালে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে পাঞ্জাবি তালেবান জঙ্গিরা যেসব হামলা চালায় তার সঙ্গেও লস্কর-ই-জাংভি জড়িত বলে জানা গেছে।