পাকিস্তানে লাদেনের সমর্থন নেই, বিশ্বাস করা যায় না: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বলেছে, পাকিস্তানে ওসামা বিন লাদেনের কোনো সরকারি সমর্থন কিংবা সমর্থক গোষ্ঠী ছিল না—এমনটা বলা বা বিশ্বাস করা যায় না। একই সঙ্গে ওয়াশিংটন আজ মঙ্গলবার বলেছে, পাকিস্তানে বিন লাদেনের সঙ্গে সরকারি পর্যায়ে কোনো সম্পর্ক ছিল কি না, তাও তদন্ত হতে পারে। বার্তা সংস্থা পিটিআই এ কথা জানিয়েছে। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, বিন লাদেনকে হত্যার অভিযানে তাঁর দেশের নিরাপত্তা বাহিনী অংশ নেয়নি। লাদেন লুকিয়ে থাকার বিষয়ে পাকিস্তানের কাছে কোনো তথ্য ছিল না।সন্ত্রাস দমন ও হোমল্যান্ড সিকিউরিটি-বিষয়ক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ব্রেনান আজ হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি, পাকিস্তানে বিন লাদেনের সমর্থন না থাকাটা একটা অবিশ্বাস্য ব্যাপার। সমর্থন ছিল বলেই তিনি দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে পেরেছিলেন।’ব্রেনান আরও বলেন, ‘আমি অনুমান করতে যাচ্ছি না যে লাদেন পাকিস্তানের ভেতরে সরকারি পর্যায়ে কী ধরনের সমর্থন পেয়েছিল।’ তিনি জানান, মার্কিন বাহিনী তাঁকে জীবিত ধরতে প্রস্তুত ছিল। তবে তাঁর প্রতিরোধ এবং মানব-বর্ম হিসেবে একজন নারীকে ব্যবহারের কারণে মার্কিন বাহিনী তাঁকে হত্যা করতে বাধ্য হয় ।রয়টার্স জানায়, ওয়াশিংটন পোস্টে এক মন্তব্যে জারদারি বলেছেন, ‘রোববারের ঘটনায় যৌথ কোনো অভিযান ছিল না। মার্কিন বাহিনী একা অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে।’ আল-কায়েদার শীর্ষ নেতা নিহত হওয়ার পর এ প্রথম কোনো পাকিস্তানি নেতার প্রকাশ্য মন্তব্য এল। পাকিস্তানি গণমাধ্যমগুলো সে দেশে বিন লাদেনের উপস্থিতিকে জাতীয় বিব্রতকর পরিস্থিতি হিসেবে বর্ণনা করছে।