পাকিস্তানে শক্তিশালী হলো সংসদ, কমল প্রেসিডেন্টের ক্ষমতা
প্রধানমন্ত্রীকে বরখাস্ত, পার্লামেন্ট ভেঙে দেওয়া, নিজের পছন্দমতো সেনাপ্রধান নিয়োগ কিংবা জরুরি অবস্থা জারি করতে চাইলেই আর তা করতে পারবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট। দেশটির সংবিধানের ১৮তম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা কমানো হয়েছে। গতকাল সোমবার সংবিধান সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।প্রেসিডেন্টের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিলে স্বাক্ষর করেন জারদারি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফ। পাকিস্তানের তিক্ত রাজনীতিতে একই অনুষ্ঠানে বা কোনো বিলের পক্ষে সরকারি ও বিরোধী দলের মতৈক্যে আসার এমন ঘটনাও বিরল। খবর এএপি ও দ্য ডন।ঐতিহাসিক ১৮তম সংশোধনী বিলে প্রেসিডেন্টের স্বাক্ষরের অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে আইনমন্ত্রী বাবর আওয়ান বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো প্রেসিডেন্ট স্বেচ্ছায় নিজের ক্ষমতা পার্লামেন্টের হাতে তুলে দিচ্ছেন—দেশের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।’বিলে স্বাক্ষরের পর জারদারি বলেন, ‘আমার আশা, একনায়কদের দরজা চিরতরে বন্ধ হলো।’ তিনি আরও বলেন, ‘আমরা গর্ববোধ করতে পারি... পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হলো।’বিলে প্রেসিডেন্টের স্বাক্ষরকে ‘ঐতিহাসিক ঘটনা’ অভিহিত করেন প্রধানমন্ত্রী গিলানি। তিনি বলেন, ‘কোনো নেতা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজের ক্ষমতা ছেড়ে দিচ্ছেন—পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা। এর মাধ্যমে পাকিস্তান আরও শক্তিশালী হবে।’পাকিস্তানের ১৯৭৩ সালের সংবিধানের ১৮তম সংশোধনী বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এ মাসে পাস করে। নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিলের পক্ষে পড়েছিল ২৯২ ভোট। বিপক্ষে কোনো ভোট পড়েনি।সংবিধান সংশোধনী বিলটি উত্থাপিত হয়েছিল সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সময়। প্রেসিডেন্ট জারদারি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট হলে তিনি এই বিল পাস করবেন।প্রধানমন্ত্রীকে বরখাস্ত, পার্লামেন্ট ভেঙে দেওয়া, জরুরি অবস্থা জারি এবং সেনাপ্রধান নিয়োগে সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের একক ক্ষমতা থাকায় সাবেক দুই সেনাশাসক জিয়াউল হক ও পারভেজ মোশাররফ ওইসব ক্ষমতা যথেচ্ছ ব্যবহার করেছেন। ১৮তম সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতাগুলো এখন পার্লামেন্টের হাতে চলে গেল। এতে করে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ল। আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টই কাজগুলো করবেন, তবে তা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। প্রেসিডেন্ট পদটি পরিণত হলো কার্যত আনুষ্ঠানিক একটি পদে।একইভাবে কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে সংবিধানে যে বাধ্যবাধকতা ছিল, নতুন সংশোধনীর মাধ্যমে তা রহিত হলো। এতে করে লাভবান হলেন বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফ। তিনি এরই মধ্যে দুই দফায় প্রধানমন্ত্রী হয়েছেন। এখন আরও অধিকবার তিনি বা অন্য যে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন।ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ২০০৮ সালের নির্বাচনে জয়লাভের পর ক্ষমতা আসে জারদারির হাতে। একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জারদারির জনপ্রিয়তা নেই বললেই চলে। দেশে ও দেশের বাইরে জারদারির দুর্নীতির মামলাগুলো আবার চালু করতে দেশটির সুপ্রিম কোর্ট এখন সরকারকে চাপ দিচ্ছে।সংবিধান সংশোধনীকে বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হচ্ছে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের রাজনীতিতে খুব বেশি যে পরিবর্তন আসবে, তা নয়।জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আসকারি বলেন, ‘জারদারির ক্ষমতা কমছে, কিন্তু তাঁর প্রভাব অব্যাহত থাকবে।’ ক্ষমতাসীন দলের প্রধান হওয়ায় নীতিনির্ধারণের ক্ষেত্রে তাঁর ক্ষমতা বহাল থাকবে।