পাকিস্তানে শরণার্থী শিবিরে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত
পাকিস্তানের কোহাটে এক শরণার্থী শিবিরে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের কারণে ঘরছাড়া লোকজন এ শরণার্থী শিবিরে ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় কমিশনার রয়টার্সকে জানিয়েছেন, পরপর দুটি বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে প্রথম বোমা হামলার চেয়ে দ্বিতীয়টি ছিল বেশি ধ্বংসাত্মক এবং সেটি ছিল আত্মঘাতী। কর্মকর্তারা আরও জানিয়েছেন, শরণার্থী শিবিরে নাম নিবন্ধনের জন্য যখন লোকজন লাইন করে দাঁড়িয়েছিল, তখন এ বোমা হামলা হয়।এদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ওরাকাজি, খাইবার ও কুররাম এলাকায় সাম্প্রতিক অভিযানে কয়েক শ জঙ্গি নিহত হয়েছে। তবে সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের সময় প্রচুর বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। অভিযানের সময় বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনা পুরো অভিযানকেই পদে পদে প্রশ্নবিদ্ধ করছে।