পাকিস্তানে শিয়া শোভাযাত্রায় আত্মঘাতী হামলা, নিহত ৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় গতকাল শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৯৭ জন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন। কোয়েটা নগরের মিজান চক এলাকায় শিয়া মুসলমানদের একটি শোভাযাত্রা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আল-কুদস দিবস উপলক্ষে ‘শিয়া ইমামিয়া স্টুডেন্টস অর্গানাইজেশন’ নামের একটি সংগঠন এই শোভাযাত্রার আয়োজন করে।জেরুজালেমের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণের বিরোধিতা ও ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশের জন্য প্রতিবছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আল-কুদস দিবস পালন করা হয়ে থাকে।কোয়েটার পুলিশ-প্রধান গোলাম সাবির বলেন, হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৯৭ জন।তবে শহরের প্রধান হাসপাতালের একজন চিকিৎসক জানান, হামলায় আহত ১৯৭ জনেরও বেশি লোক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।শিয়া নেতা আল্লামা আব্বাস কুমাইলি জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সুন্নি ও শিয়াদের মধ্যে সংঘাত বাধানোর চেষ্টায় এই হামলা চালানো হয়েছে।বেলুচিস্তান প্রদেশের পুলিশ-প্রধান মালিক ইকবাল বলেন, সন্ত্রাসী হামলার আশঙ্কায় শোভাযাত্রার আয়োজকদের ভিন্ন পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছিল।কোয়েটা পুলিশ নিয়ন্ত্রণকক্ষের প্রধান সরদার খান বলেন, বিক্ষুব্ধ জনতা একটি ভবনে ও বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে অনেকে ছিল সশস্ত্র। তারা ফাঁকা গুলি চালিয়েছে। বিক্ষুব্ধ জনতা কয়েকটি সাইকেল ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে বলেও তিনি জানান।স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘আজ’ বলেছে, বিস্ফোরণে তাদের একজন গাড়িচালক নিহত হয়েছেন। হামলার ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই বোমা হামলার তীব্র নিন্দা করেছেন। পাকিস্তানে মার্কিন দূতাবাসও হামলার নিন্দা জানিয়েছে।এদিকে গতকাল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মারদান শহরে আত্মঘাতী বোমা হামলায় এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছে। আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদের বাইরে এই হামলা চালানো হয়।মারদানের পুলিশ-প্রধান ওয়াকিফ খান বলেন, একজন আত্মঘাতী হামলাকারী আহমদিয়াদের মসজিদে প্রবেশ করার চেষ্টা চালায়। কিন্তু পুলিশ তাকে থামিয়ে দেয়। তিনি আরও জানান, হামলাকারী নিজেকে উড়িয়ে দেওয়ার আগে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এএফপি, বিবিসি।