পাকিস্তানে সংঘাতের নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, পাকিস্তানে শিয়া ও সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘাতের পেছনে বড় ধরনের ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ কাজ করছে। লাহোরে সাংবাদিকদের ইমরান বলেন, ‘ইরাক, লেবানন ও বাহরাইনের মতো পাকিস্তানেও সাম্প্রদায়িক সংঘাত আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।’ এ সময় তিনি সাম্প্রদায়িক সংঘাতের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও পাকিস্তান মুসলিম লিগের প্রধান নওয়াজ শরীফকে দায়ী করেন।পিটিআই-প্রধান বলেন, দেশের পরিস্থিতির দিকে নজর দেওয়ার সময় জারদারির নেই। দুর্নীতিবাজ রাজনীতিবিদ জারদারি গত পাঁচ বছরে কোটিপতি হয়েছেন বলেও দাবি করেন তিনি।আজ সোমবার ‘দ্য ডন’-এর এক খবরে বলা হয়, সাবেক এ ক্রিকেট তারকার অভিযোগ, আসন্ন নির্বাচনে সন্ত্রাসীদের সঙ্গে সমঝোতা করে আসন পেতে চায় বড় দুই দল। ইমরান খান বলেন, সিন্ধুর রাজনৈতিক দলগুলো ওই প্রদেশকে সন্ত্রাসীদের জন্য নিরাপদ স্বর্গ বানিয়েছে। আসছে নির্বাচনে বুদ্ধিমত্তার সঙ্গে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন ইমরান। তিনি বলেন, ক্ষমতায় গেলে তাঁর দল সন্ত্রাসের কবল থেকে দেশকে উদ্ধার করবে।