পাকিস্তানে সংশোধিত সন্ত্রাসবাদবিরোধী আইন পাশ
পাকিস্তানের সিনেটে আজ মঙ্গলবার সন্ত্রাসবাদবিরোধী আইন ১৯৯৭-এর সংশোধন প্রস্তাব উত্থাপিত হলে তা সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হয়েছে। সংশোধিত সন্ত্রাসবাদবিরোধী আইন ২০১৩ কার্যকর হলে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসবাদী দলগুলোর অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।দ্য ডন জানায়, পাকিস্তানের আইনমন্ত্রী ফারুক নায়েক বিলটি উত্থাপন করেন। সিনেটে জামিয়াত উলেমা-ই-ইসলাম (ফজলে)-এর সদস্য আবদুল গফুর হাইদেরি বিলটির বিরোধিতা করেন এবং বিলটিতে বেশকিছু সংস্কার আনার প্রস্তাব দেন। কিন্তু তাঁর প্রস্তাবের বিরোধিতা করেন বাকি সিনেট সদস্যরা। এক পর্যায়ে জামিয়াত উলেমা-ই-ইসলাম (ফজলে)-এর সদস্যরা ওয়াকআউট (প্রতিবাদ করে পার্লামেন্ট থেকে কিছু সময়ের জন্য বেরিয়ে যাওয়া) করেন। বিলটি নিয়ে ভোটাভুটির সময় দলটির সদস্যরা অনুপস্থিত ছিলেন।খবরে বলা হয়, এরপর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যদি বিলটিতে স্বাক্ষর করেন, তবে সেটি আইনে পরিণত হবে।যেসব ব্যক্তি বা সংগঠন পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উত্সাহিত করতে অর্থ সহায়তা দিয়ে আসছে, নতুন আইনের আওতায় তাদের বিচার করা যাবে। বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের অর্থ-সম্পত্তি বাজেয়াপ্ত করারও কর্তৃত্ব থাকবে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর।