পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২৪ সেনা নিহত
পাকিস্তানের পার্বত্য খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকার অনলাইনের খবরে জানানো হয়, প্রদেশের কোহিস্তান জেলার সামার নুলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সেনাসদস্যদের বহনকারী বাসটি ওই এলাকায় সরু সড়কে মোড় নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার সেনাসদস্যরা উত্তরাঞ্চল পদাতিক ব্যাটালিয়নের সদস্য। কোহিস্তানের জেলা সমন্বয়ক কর্মকর্তা আকুয়াল বাদশাহ জানান, উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনায় ২৪ জন সেনাসদস্য নিহত হয়েছেন। মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। নিহত ও আহত সেনা সদস্যদের রাওলাপিন্ডি নেওয়ার জন্য সেনাবাহিনীর বিমান তলব করা হয়েছে। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে, এ দুর্ঘটনায় ২৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন।