পাকিস্তানে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছেন বিদেশিরা
ভিনদেশিরা পাকিস্তানে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে চলেছে বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। এ কাজে ওই দেশের কিছু ‘কুলাঙ্গার’ সাহায্য করছে বলেও অভিযোগ করেন তিনি।‘দ্য ডন’-এর খবরে বলা হয়, আজ রোববার দুপুরে খাইবার-পাখতুন প্রদেশের প্রবীণ মন্ত্রী ও আওয়ামী ন্যাশনাল পার্টির নেতা বশির আহমেদ বিলোয়ারের দাফন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন রেহমান মালিক। রেহমান মালিক মতবিনিময়কালে বলেন, পাকিস্তানের বর্তমান অবস্থা এখন ১৯৬৯ ও ১৯৭১ সালের চেয়েও খারাপ। সব রাজনৈতিক দলকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পাকিস্তানের তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান বিদেশিদের হয়ে কাজ করছেন। গতকাল শনিবার বশির আহমেদ বিলোয়ার পার্টির কর্মীদের এক সভা শেষে পেশোয়ারে নিজ বাসভবনে ফেরার সময় আত্মঘাতী বোমা হামলায় গুরুতর আহত হন। ওই দিনই লেডি রিডিং হাসপাতালে তিনি মারা যান। তেহরিক-ই-তালেবান (টিটিপি) হামলার দায়িত্ব স্বীকার করেছে।গত শুক্রবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই অভিযোগ করেছিলেন, তাঁর দেশে দুর্নীতিসহ বিভিন্ন সমস্যার পেছনে মূল দায় বিদেশি রাষ্ট্রগুলোর। তিনি অভিযোগ করেন, আর্থিক সহায়তা দেওয়ার নামে বিভিন্ন দেশ আফগানিস্তানে ‘অস্বচ্ছ লেনদেন’ করে থাকেন এবং এ থেকে জন্ম নেয় দুর্নীতির।