পাকিস্তানে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার ২০০
ইসলাম অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভের সময় সহিংসতার অভিযোগে ২০০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আজ রোববার পিটিআই এ খবর জানিয়েছে।যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণ ও ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র ছাপানোর প্রতিবাদে গত শুক্রবার জুমার নামাজের পর পাকিস্তানের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ হয়। করাচি ও পেশোয়ারে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে ১৩ জন নিহত হন।ওই সহিংস ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ প্রায় ২০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।সহিংসতার অভিযোগে ইসলামাবাদ পুলিশ ৬২ জনকে গ্রেপ্তার করেছে। লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত ৩৬ জনকে রিমান্ডে দিয়েছেন। করাচির অপর একটি সন্ত্রাসবিরোধী আদালত ১০০ জনকে রিমান্ড দিয়েছেন।এই বিক্ষোভে প্রায় ৬০ হাজার মানুষ অংশ নেয় বলে ইসলামাবাদের পুলিশ বিন ইয়ামিন ভান জানিয়েছেন।গত শুক্রবার পাকিস্তানে ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ হয়।এদিকে গতকাল শনিবারও ইসলামাবাদ ও লাহোরে নতুন করে বিক্ষোভ হয়েছে।যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করা হয়েছে। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। বিভিন্ন স্থানে সহিংসতায় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে।এদিকে ওই চলচ্চিত্রটির নির্মাতাকে হত্যার জন্য পাকিস্তানের রেলমন্ত্রী গুলাম আহমেদ বিলৌর এক লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণার নিন্দা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র। এ ঘোষণাকে তাঁর ব্যক্তিগত মত বলেও উল্লেখ করা হয়েছে।পাকিস্তানের রেলমন্ত্রী গুলাম আহমেদ বিলৌর গতকাল পেশোয়ারে সাংবাদিকদের বলেন, ‘আমি আজ ঘোষণা দিচ্ছি, মহানবী (সা.)-কে যে ব্যক্তি অবমাননা করেছে, তাকে কেউ হত্যা করতে পারলে আমি সেই ব্যক্তিকে এক লাখ ডলার পুরস্কার দেব। এই মহান কাজ সম্পাদনে আমি তালেবান ও আল-কায়েদার ভাইদের প্রতিও আমন্ত্রণ জানাচ্ছি।’ওই মন্ত্রী আরও বলেন, কেউ তাঁকে (মন্ত্রী) ওই চলচ্চিত্র নির্মাতাকে হত্যার সুযোগ দিলে তাদের হাতে তিনি ফাঁসিতে ঝুলতেও রাজি আছেন।