পাকিস্তানে সাধারণ নির্বাচন ১১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আগামী ১১ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজ বুধবার এ তারিখ ঘোষণা করেছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন। ‘দ্য ডন’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর বলেছেন, ‘নির্বাচনের একটি সুবিধামতো তারিখ ঘোষণার জন্য সরকার প্রেসিডেন্টে কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আজ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আগামী ১১ মে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।’পাকিস্তানে পিপিপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ গত শনিবার শেষ হয়। দেশটির ৬৫ বছরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবারই প্রথম মেয়াদ পূরণ করতে পেরেছে।তালেবানদের অব্যাহত হামলা ও জাতিগত সহিংসতায় সাধারণ নির্বাচনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে দেশটিতে উদ্বেগ দেখা দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারপাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগে গতকাল মঙ্গলবার আট সদস্যের সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তিন দিনের মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে একজনের নাম চূড়ান্ত করবে। আট সদস্যের সংসদীয় কমিটিতে আছেন সরদার মাহতাব আব্বাসী, সরদার ইয়াকুব নাসির, পারভেজ রাশেদ, সাদ রফিক, চৌধুরী সুজাত, ফারুক নায়েক, খুরশিদ শাহ ও গোলাম বিলৌর। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) নিজ নিজ জোটের সঙ্গে আলোচনা করে সংসদীয় কমিটির জন্য চারজন করে মোট আটজনের নাম চূড়ান্ত করে।পাকিস্তানের সংবিধান অনুযায়ী, এই সংসদীয় কমিটি তিন দিনের মধ্যে মতৈক্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদের জন্য একজনের নাম চূড়ান্ত করবে। নির্ধারিত সময়ের মধ্যে নাম দিতে ব্যর্থ হলে বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। নির্বাচন কমিশন পিপিপি ও পিএমএল-এনের কাছ থেকে নেওয়া চারজনের নাম থেকে যেকোনো একজনকে ওই পদে নিয়োগের জন্য চূড়ান্ত করবে।