পাকিস্তানে সেই কিশোরীর জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া খ্রিষ্টান কিশোরী রিমশার (১৪) জামিন মঞ্জুর হয়েছে। আদালতের বিচারক মুহাম্মদ আজম খান আজ শুক্রবার পাকিস্তানি মুদ্রায় পাঁচ লাখ রুপি মুচলেকার বিনিময়ে রিমশাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।আল জাজিরা ও বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, পাকিস্তানে রিমশাই প্রথম ব্যক্তি, ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরও যার জামিন মঞ্জুর হলো।পাকিস্তানে ধর্মীয় অবমাননার অভিযোগে কেউ গ্রেপ্তার হলে সচরাচর জামিন মেলে না। পাকিস্তানের আইন অনুসারে, ধর্মীয় অবমাননার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। তবে রিমশার বয়স ও মানসিক অবস্থা বিবেচনা করে তার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটল। রিমশা কিশোরী হওয়ায় আইনজীবীরা তাকে ক্ষমাপ্রদর্শনের জন্য বিচারকের কাছে অনুরোধ জানান।জামিনে মুক্তির নির্দেশ পেলেও রিমশার জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন তার বাবা ও পরিবারের সদস্যরা। তাঁদের পাকিস্তানের একটি অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা হয়েছে। মুক্তির পর রিমশাকেও তার মা-বাবার কাছে নিয়ে যাওয়া হবে বলে আইনজীবীরা জানান।গত ১৬ আগস্ট ইসলামাবাদ থেকে রিমশাকে গ্রেপ্তার করা হয়। সেখানকার লোকজন অভিযোগ করেন, রিমশা পবিত্র কোরআনের কয়েকটি পাতা পুড়িয়েছে। এ জন্য রিমশার শাস্তি দাবি করেন তাঁরা। ওই দিন থেকেই রিমশা কারাগারে ছিল।গ্রেপ্তারের পর থেকে রিমশার বয়স ও মানসিক অবস্থা বিবেচনার জন্য গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। রিমশার ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলেও নিন্দার ঝড় ওঠে।