পাকিস্তানে সেনা ঘাঁটিতে হামলা, নিহত ৮
পাকিস্তানের শিল্পনগর ওয়াজিরাবাদের কাছে একটি সেনা ঘাঁটিতে আজ সোমবার বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে আটজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সেনাবাহিনী থেকে দেওয়া বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।সেনাবাহিনীর ওই বিবৃতিতে বলা হয়, একটি সেতুর ওপর থেকে ওই সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়। হামলায় একজন পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর অন্তত সাতজন সদস্য নিহত হন। হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।নিরাপত্তা বাহিনীর একটি উদ্ধারকারী দল গত মে মাসে বিধ্বস্ত একটি হেলিকপ্টারের নিখোঁজ চালকের দেহ খোঁজার উদ্দেশ্যে সেখানে ঘাঁটি গেড়েছিলেন বলে ওই বিবৃতিতে জানানো হয়।নিরাপত্তা বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে জানান, হামলাকারীদের প্রকৃত সংখ্যা পাওয়া যায়নি। তবে তারা মোটরসাইকেলে করে ওই সেতুতে উঠে সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলাকারীরা তালেবানের সহযোগী কোনো সংগঠনের সদস্য বলে ধারণা করা হচ্ছে।