পাকিস্তানে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সামরিক বাহিনীর সদস্য ও জঙ্গিদের মধ্যে প্রচণ্ড বন্দুকযুদ্ধে আজ বুধবার ২৭ জন নিহত হয়েছে। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানে আদিবাসী-অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানের বদর এলাকার সারাঙ বাবা জৈরতে একটি সেনা চৌকিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সন্দেহভাজন তালেবান জঙ্গিরা হামলা চালালে সেখানেই অধিকাংশের মৃত্যু হয়।ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, সংঘর্ষে ১৮ জঙ্গি এবং নয়জন সেনা প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, বেশির ভাগ জঙ্গিই মারা গেছে সেনাবাহিনীর পাল্টা হামলায়। দ্য হিন্দুর এক খবরে বলা হয়, দক্ষিণ ওয়াজিরিস্তানে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি জঙ্গি সংগঠন সক্রিয় আছে। ধারণা করা হয়, ওই জেলাটি প্রায় এক ডজন জঙ্গি গোষ্ঠীর জোট তেহরিক-ই-তালেবানের শক্তিশালী ঘাঁটি।তেহরিক-ই-তালেবানের একজন মুখপাত্র আক্রমণের দায়দায়িত্ব স্বীকার করেছেন। ইহসানুল্লাহ ইহসান বলেন, ‘আমরা প্রায় এক ডজনের বেশি সেনাকে হত্যা করেছি। কিছু সেনা ধরা পড়েছিল, যাদের শিরোশ্ছেদ করা হয়।’ তবে অন্য কোনো সূত্র থেকে ইহসানুল্লাহর বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি, কারণ এলাকাটি এত দুর্গম যে সেখানে প্রচারমাধ্যম বা সহায়তাকর্মীরা যেতে পারেন না।