পাকিস্তানে সেনা নিয়োগ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১৩
পাকিস্তানের ফয়সালাবাদে একটি সেনা নিয়োগ কেন্দ্রের পাশে এক বিস্ফোরণে কমপক্ষে ১৩ ব্যক্তি নিহত এবং ৪০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে ডন নিউজের অনলাইনে জানানো হয়েছে।বিস্ফোরণে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসের কার্যালয় এবং একটি স্থানীয় পেট্রলপাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বলা হচ্ছে।দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নাসিম সিদ্দিকী বলেছেন, ওই পেট্রলপাম্পের গাড়ি পার্কিংয়ের জায়গায় বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, কয়েকটি অনির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিস্ফোরণটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর দপ্তরের কাছেই ঘটেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেছে। বিস্ফোরণের সঠিক কারণ ও প্রকৃতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।ফয়সালাবাদ শহরটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।