পাকিস্তানে স্কুলবাস উল্টে শিক্ষার্থীসহ নিহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পূর্বাঞ্চলের কাল্লার কাহার এলাকায় গতকাল সোমবার রাতে স্কুলবাস উল্টে শিক্ষার্থীসহ কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩০ শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও একজন অধ্যক্ষ। দুর্ঘটনায় কমপক্ষে ৭০ জন গুরুতর আহত হয়েছে।পুলিশকে উদ্ধৃত করে পাকিস্তানের ডন ডট কমের অনলাইন খবরে বলা হয়েছে, ফয়সালাবাদের মিল্লাত শহরের গ্রামার স্কুলের শতাধিক শিক্ষার্থী মৌরি ও ইসলামাবাদে বনভোজনে যায়। তাদের সঙ্গে শিক্ষকেরাও ছিলেন। সেখান থেকে ফয়সালাবাদে ফেরার সময় রাতে তাদের বহনকারী বাসটি দুর্ঘটনায় পড়ে। কাল্লার কাহার এলাকার সল্ট রেঞ্জের কাছে বাসটি মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ কর্মকর্তা সৈয়দ আলী মহসীন বলেন, দুর্ঘটনার পর বাস থেকে লাশ উদ্ধার করে ফৌজি ফাউন্ডেশন হাসপাতাল ও ডিএইচও হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহতদের অনেককেই রাওয়ালপিন্ডির হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় ওই হাসপাতালগুলো জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।আলী মহসীন আরও বলেন, পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। তাঁরা উদ্ধারকারী দলের সদস্যদেরও সহায়তা করছেন। ফৌজি ফাউন্ডেশন হাসপাতালের চিকিত্সা তত্ত্বাবধায়ক কর্নেল মোহাম্মদ আবিদ বলেন, তাদের হাসপাতালে ১০ শিক্ষার্থীর লাশ এবং আহত ২০ শিক্ষার্থীকে আনা হয়েছে। আহত দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। এ দুজনসহ আহতদের সর্বোচ্চ চিকিত্সা দেওয়া হবে।ডিএইচও হাসপাতালের চিকিত্সক আজম সামর বলেন, তাদের হাসপাতালে ২০টি লাশ ও ৫০ জন আহত ছাত্রকে আনা হয়েছে।