পাকিস্তানে হত্যার রাজনীতির সংস্কৃতি
পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই চলছে হত্যার রাজনীতি। ৬৩ বছরের ইতিহাসে দেশটিতে অনেক রাজনৈতিক নেতাকে অকালে প্রাণ দিতে হয়েছে। স্বাধীন পাকিস্তানের ইতিহাসে প্রথম রাজনৈতিক গুপ্ত হত্যার ঘটনাটি ঘটে ১৯৫১ সালে। দেশের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ছিলেন রাজনৈতিক হত্যার প্রথম শিকার। তাঁকে রাওয়ালপিন্ডিতে গুলি করে হত্যা করা হয়। তাঁর এ হত্যাকাণ্ডকে পাকিস্তানের অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক খেলার সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়।১৯৬৭ সালে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহর ছোট বোন ফাতেমা জিন্নাহ মারা যান। তাঁর মৃত্যুকে স্বাভাবিক বলে প্রচার করা হলেও তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।পাকিস্তানের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ১৯৭৯ সালে তত্কালীন সেনাশাসক জেনারেল মোহাম্মদ জিয়াউল হক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলফিকার আলী ভুট্টোর এ মৃত্যুদণ্ডাদেশ ছিল পুরোপুরি ষড়যন্ত্রমূল ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।১৯৮৮ সালে জেনারেল জিয়াউল হক নিজেও এক রহস্যজনক বিমান দুর্ঘটনায় নিহত হন। অনেকেই বলে থাকেন, জেনারেল জিয়াউল হক রাজনৈতিক লালসা চরিতার্থ করতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে যে দুষ্ট বীজ বপন করেছিলেন, তিনি তারই শিকার হন। পাকিস্তানের নষ্ট রাজনীতির সবচেয়ে নির্মম শিকার হয়েছে ভুট্টো পরিবার। জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুর পর ১৯৮০ সালে তাঁর ছেলে শাহনেওয়াজকে ফ্রান্সে বিষ প্রয়োগে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। ১৯৯৭ সালে জুলফিকার আলী ভুট্টোর আরেক ছেলে মর্তুজা করাচিতে পুলিশের গুলিতে নিহত হন। আর ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে আততায়ীর গুলি ও বোমা হামলায় নিহত হন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। পাকিস্তানে সর্বশেষ রাজনৈতিক হত্যাকাণ্ডটি ঘটেছে গত ৪ জানুয়ারি। ওই দিন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জনপ্রিয় গভর্নর সালমান তাসির ইসলামাবাদে তাঁর দেহরক্ষীর গুলিতে নিহত হন। আলোচিত এসব ঘটনার বাইরেও পাকিস্তানের ইতিহাসে আরও অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে। রাজনীতিবিদদের ওপর হয়েছে হত্যার অনেক ব্যর্থ চেষ্টাও। হত্যার এই ক্রমধারা যেন দেশটির রাজনৈতিক সংস্কৃতিরই অংশ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানে রাজনীতিতে নামার আগেই নেতাদেরকে কাফনের কাপড় প্রস্তুত রাখতে হয়। ওয়েবসাইট অবলম্বনে।