পাকিস্তানে হাক্কানি নেতা বদরুদ্দিন নিহত!
মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের অন্যতম শীর্ষস্থানীয় নেতা বদরুদ্দিন হাক্কানি নিহত হয়েছেন। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ রোববার এ খবর জানিয়েছে।তবে আফগানিস্তানের তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ খবর নাকচ করেছেন। তিনি বলেছেন, ‘বদরুদ্দিন হাক্কানি জীবিত ও সুস্থ আছেন।’ পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ‘২১ আগস্ট এক ড্রোন হামলায় বদরুদ্দিন হাক্কানি নিহত হয়েছেন বলে আমাদের কাছে খবর আছে। তবে বিষয়টি নিশ্চিত নয়।’ পাকিস্তানের আর এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘আমরা ৯০ শতাংশ নিশ্চিত, গত মঙ্গলবার যে বাড়িতে ড্রোন হামলা চালানো হয়, সেখানে বদরুদ্দিন ছিলেন।’হাক্কানি নেটওয়ার্কের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ড্রোন হামলার সময় বদরুদ্দিন ওই বাড়িতে ছিলেন। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ওপর হামলা চালানোর উদ্দেশ্যে সেখানে তারা একটি গাড়িতে বিস্ফোরক জমা করছিল।তবে বদরুদ্দিনের এক আত্মীয় দাবি করেছেন, তিনি বেঁচে আছেন এবং জিহাদি কর্মকাণ্ডে ব্যস্ত। তাঁর নিহত হওয়ার খবর ভিত্তিহীন।গত মঙ্গলবার আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের একটি বাড়িতে মার্কিন চালকবিহীন বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ২৫ ব্যক্তি নিহত হয়, যাদের বেশির ভাগই হাক্কানি পরিবারের সদস্য।আফগানিস্তানে সংঘটিত বেশ কয়েকটি বড় হামলার পেছনে বদরুদ্দিনের হাত রয়েছে বলে অভিযোগ আছে। বদরুদ্দিন আফগানিস্তানের যুদ্ধবাজ নেতা জালালউদ্দিন হাক্কানির ছেলে। ধারণা করা হয়, এ জঙ্গি নেটওয়ার্কের অর্থনৈতিক স্বার্থ ও পাচার অভিযানের দায়িত্বে ছিলেন তিনি। বিশ্লেষকদের মতে, বদরুদ্দিনের মৃত্যুর খবরটি সত্য হলে তা হবে হাক্কানি নেটওয়ার্কের জন্য একটি বড় ধরনের ধাক্কা।