পাকিস্তানে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সক্রিয় আল-কায়েদা সদস্যদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা আজ বুধবার এ কথা বলেন। মার্কিন চালকবিহীন বিমানের (ড্রোন) হামলায় পাকিস্তানের ওয়াজিরিস্তানে আল-কায়েদার সেকেন্ড ইন কমান্ড আবু ইয়াহইয়া আল-লিবি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতেই প্যানেট্টা এ মন্তব্য করেন।ভারত সফররত প্যানেট্টা বলেন, ‘পাকিস্তানের উপজাতীয় এলাকায় বসে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। এদের কারণে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বই হুমকির মুখে পড়েছে। তাই স্পষ্টতই নিজেদের রক্ষায় প্রচেষ্টা (জঙ্গিদের ওপর হামলা) চালিয়ে যাব আমরা।’ তিনি আরও বলেন, পাকিস্তানের ফাতা অঞ্চল থেকেই ১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পনা করছিলেন সন্ত্রাসীরা। এদিকে পাকিস্তানে গত তিন দিনে একের পর এক মার্কিন ড্রোন হামলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রিচার্ড হোগল্যান্ডকে তলব করে এ প্রতিবাদ জানায়।ধারাবাহিক ওই ড্রোন হামলায় সোমবার উত্তর ওয়াজিরিস্তানে আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু ইয়াহইয়া আল-লিবিসহ কমপক্ষে ১৬ ব্যক্তি নিহত হওয়ার পর গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হোগল্যান্ডকে তলব করে এ হামলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পাকিস্তানের ভূখণ্ডে মার্কিন ড্রোন হামলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানাতে হোগল্যান্ডকে ডাকা হয়। তাঁকে জানানো হয়, ড্রোন হামলা আইন-বহির্ভূত, আন্তর্জাতিক আইনবিরোধী ও পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। গত এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে ড্রোন হামলাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করার বিষয়টিও তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়। এভাবে অব্যাহত ড্রোন হামলা বন্ধের জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয় হোগল্যান্ডকে। টাইমস অব ইন্ডিয়া, সিনহুয়া।