পাকিস্তানে হিন্দু বালকের ধর্মান্তর এবং টিভিতে সম্প্রচার
পাকিস্তানে সম্প্রতি এক হিন্দু বালকের ইসলাম ধর্ম গ্রহণ করার দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে। আর এ ঘটনাটির সমালোচনা করেছে দেশটির গণমাধ্যম। ‘এ ঘটনা এটাই ইঙ্গিত দেয় যে, পাকিস্তানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ মর্যাদা পায় না’—এমন মন্তব্য এসেছে দেশটির শীর্ষ সংবাদপত্র ডনের সম্পাদকীয়তে।গত মঙ্গলবার ওই বালকের ধর্মান্তরিত হওয়ার ঘটনাটি সরাসরি সম্প্রচারিত হয় পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে। সেখানে দেখা যায়, একজন ইমাম তাকে ধর্মান্তরিত করছেন আর অন্য অনেকে ঘটনাটি দেখছে। দর্শকদের মধ্য থেকে অনেকে সদ্য ধর্মান্তরিত হওয়া ওই বালকের নতুন নামও প্রস্তাব করছেন। এ ধরনের বিষয় সম্প্রচারের মাধ্যমে এই টিভি চ্যানেলটি নৈতিকতাবিবর্জিত কাজ করেছে বলে মন্তব্য করেছে পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন। পত্রিকাটি তাদের সম্পাদকীয়তে বলেছে, ‘অনেক গণমাধ্যম বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য কীভাবে নৈতিকতা, মুক্তচিন্তা ও সাধারণ কিছু বোধ বিসর্জন দিচ্ছে, এ ঘটনাটি তার একটি আদর্শ উদাহরণ। এটা ভাবার কোনো কারণই নেই যে, বালকটি তার নিজের ইচ্ছায় ধর্মান্তরিত হয়েছে। দর্শকদের ভিন্ন ধরনের একটা অনুষ্ঠানের আমেজ দেওয়ার জন্যই এ ঘটনা সাজানো হয়েছিল।’ তবে এ ধরনের ধর্মীয় স্পর্শকাতর বিষয় সরাসরি সম্প্রচারের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কেমন অনুভূতি হতে পারে, সেটা একেবারেই চিন্তা করেনি টেলিভিশন চ্যানেলটি।ডন পত্রিকা তাদের সম্পাদকীয়তে আরও বলেছে, ‘ধর্মান্তরিত করার পর উপস্থিত দর্শকেরা যেভাবে হর্ষধ্বনির মাধ্যমে তাকে সাধুবাদ জানিয়েছে, সেটা অন্য সম্প্রদায়ের মানুষের কাছে একটি পরিষ্কার বার্তা পাঠিয়েছে যে, পাকিস্তানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ মর্যাদা পায় না। যে দেশে এমনিতেই ধর্মীয় সংখ্যালঘুরা বিভিন্নভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হয়, সেখানে এ ধরনের ঘটনা তাদের আরও প্রান্তিক অবস্থানে ঠেলে দেবে।’