পাকিস্তানে ১৪ কোটি টাকার ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ
পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় দুই মিলিয়ন ডলারের সমপরিমাণ ১৪ কোটি টাকার ত্রাণ সাহায্য পাঠাচ্ছে বাংলাদেশ। দেশটির সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সহমর্মিতা জানাতে বাংলাদেশ এ সহায়তা দিচ্ছে। আজ বুধবার পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সভাপতিত্বে তাঁর দপ্তরে অনুষ্ঠিত এক আন্ত মন্ত্রণালয় বৈঠকে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানে যে ত্রাণসামগ্রী যাবে তার মধ্যে থাকছে বোতলজাত পানি, জীবনরক্ষাকারী ওষুধ, খাওয়ার স্যালাইন, পানি পরিশোধন ট্যাবলেট ও যন্ত্র, পরিচ্ছন্নতা সহায়ক সামগ্রী, বিস্কুট, প্যাকেটজাত শিশুখাদ্য, তাঁবু, কম্বল, মোমবাতি, ম্যাচবাক্স, টর্চ ইত্যাদি।এ মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের উত্তরাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায় জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, বন্যায় দেড় হাজার লোক প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন দুই কোটি মানুষ।