পাকিস্তানে ৫ পোলিও নিরোধকর্মীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীরা আজ মঙ্গলবার দেশটির বিভিন্ন স্থানে পোলিও নিরোধকর্মীদের ওপরে হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এতে দেশটিতে শিশুদের স্বাস্থ্যরক্ষার জন্য আবশ্যক চিকিত্সা প্রদান হুমকির মধ্যে পড়ল।হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পেছনে তালেবান জঙ্গিদের হাত আছে। তালেবান জঙ্গিরা পোলিও নিরোধ কার্যক্রমকে ‘পশ্চিমা চক্রান্ত’ হিসেবে অভিহিত করে বিভিন্ন সময় এর নিন্দা করেছিল।ঘটনার প্রতিবাদে দেশটির বৃহত্তম নগর করাচিতে পোলিও প্রতিরোধ কার্যক্রমকে স্থগিত করেছে স্বাস্থ্যকর্মীরা।দ্য ডন জানায়, করাচির বিভিন্ন স্থানে চারজন এবং পেশোয়ারে একজন পোলিও নিরোধকর্মী হত্যাকাণ্ডের শিকার হন। পাকিস্তানে পোলিও-র প্রকোপ মহামারি আকারের। দেশজুড়ে তিনদিনের পোলিও প্রতিষেধক অভিযানের আজ দ্বিতীয় দিন চলছিল।খবরে বলা হয়, নিহতদের সবাই জাতিসংঘের পোলিও প্রতিরোধ কার্যক্রমের একটি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।সিন্ধুর প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাগির আহমেদ বলেন, হত্যাকাণ্ডের পর তিনি প্রদেশের সর্বত্র পোলিও নিরোধ কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন।প্রথম হামলা হয়েছিল করাচির লানধি এলাকায়। এখানে দুর্বৃত্তরা একদল পোলিও নিরোধকর্মীর ওপরে হামলা চালায়। এ সময় ওই দলের দুজন নারীকর্মী মারা যান। তবে পুলিশ বলছে, ঘটনার কোন প্রত্যক্ষদর্শী নেই।নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সময় কর্মীদের আসপাশে বা তাঁদের নিরাপত্তায় কোন পুলিশ নিয়োজিত ছিল না।দ্বিতীয় ঘটনাটি ঘটে করাচির ওরাঙ্গি এলাকার রাজা তানভির কলোনিতে। এখানেও একদল পোলিও নিরোধকর্মীর ওপরে বন্দুকধারীরা গুলি চালায়। দলনেতা চিকিত্সক শফিক জানান, একজন নারীকর্মী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় একজন পুরুষকর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। করাচির মোচকো এলাকার মোহাম্মদ খান কলোনিতেও গতকাল সোমবার একই রকম আরেকটি হামলা হয়। এখানেও এক নারীকর্মী মারা যান। অপর এক পুরুষকর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা গুল নাজ বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পোলিও নিরোধকর্মীদের ফোন করে হুমকি দিয়েছিল। কর্মীরা যাতে নাস্তিকদের পরিচালিত পোলিও অভিযানে সাহায্য না করে, সেজন্যই এ হুমকি।পেশোয়ারে আজ পোলিও টিকা প্রদান প্রকল্পের দুই কর্মীর ওপরে দুই মোটরসাইকেল আরোহী গুলি চালান। পেশোয়ারের পুলিশ কর্মকর্তা জাভেদ খান বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুই বোনের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরেকজন চিকিত্সাধীন আছেন।গতকাল সোমবার পেশোয়ারের গাদাপ এলাকায় বন্দুকধারীদের হামলায় এক পোলিও নিরোধকর্মী মারা গিয়েছিলেন।