পাকিস্তানে ৫৮ শতাংশ শিশু উর্দুতে পড়তে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ৫৮ শতাংশ শিশু উর্দু বা তাদের আঞ্চলিক ভাষায় লেখা একটি বাক্যও পড়তে পারে না। আর ইংরেজি পড়তে পারে না ৭৫ শতাংশ শিশু। গত বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ডন ডট কম জানায়, ইদারা তালিম-ও-আগাহির ব্যবস্থাপনায় সাউথ এশিয়া ফোরাম ফর এডুকেশন ডেভেলপমেন্ট জরিপটি চালায়। এতে সহযোগিতা করে ফাউন্ডেশন ওপেন সোসাইটি ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল কমিশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট ও অক্সফাম।প্রতিবেদনে দেখা যায়, পাকিস্তানের প্রত্যন্ত ৮৫টি জেলায় ৫-১৬ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে বেশির ভাগই উর্দু ভাষায় লিখিত দ্বিতীয় শ্রেণীর পাঠ্যবই, আঞ্চলিক ভাষা বা ইংরেজি কোনো ভাষাতেই পড়তে পারে না। তারা অঙ্কও করতে পারে না। মাত্র ৪১ দশমিক ৮ শতাংশ শিশু কোনো রকমে উর্দু বা তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় পড়তে পারে। আর ২৫ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী ইংরেজি পড়তে পারে।গণিতের ক্ষেত্রে তাদের অবস্থা আরও ভয়াবহ। মাত্র ৪১ দশমিক এক শতাংশ শিশু দুই সংখ্যার বিয়োগ করতে পারে। আর ২৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী ৩ সংখ্যার ভাগ করতে পারে।পাঞ্জাব ও বেলুচিস্তানের ২৮টি জেলা, খাইবার ও পাখতুনখাওয়ার ১৫টি জেলা, সিন্ধু প্রদেশের ১৪টি, জম্মু ও কাশ্মীরের ১৭টি, গিলগিত-বালতিস্তানের চারটি, ফাতা প্রদেশের তিনটি এবং ইসলামাবাদের দুটি জেলায় এ জরিপ চালানো হয়।জরিপে আরও দেখা যায়, তিন-পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে ৫৭ দশমিক ৩ শতাংশ শিশুকে প্রাক-স্কুল শিক্ষার জন্য অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে ৩২ দশমিক ৩ শতাংশই স্কুলে যায় না। যা প্রাদেশিক সরকারকে একটি বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।ছয় থেকে ১৬ বছর বয়সী তালিকাভুক্ত শিক্ষার্থীদের সংখ্যা ৭৯ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে ৩৬ শতাংশ মেয়ে এবং ৬৪ শতাংশ ছেলে। আর ওই বয়সী ২০ দশমিক ১ শতাংশ শিশুরা স্কুলে যায় না। এর মধ্যে ঝরে পড়া শিক্ষার্থীর হার ৫ শতাংশ।প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ দশমিক ১ শতাংশ শিশু কখনই কোনো স্কুলে যায়নি। এদের মধ্যে ৫২ দশমিক ৭ শতাংশই মেয়ে।আর স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ৭৪ শতাংশ শিক্ষার্থী সরকারি, ২৩ দশমিক ১ শতাংশ বেসরকারি স্কুলে এবং ২ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী মাদ্রাসা ও অন্যান্য বিষয়ে পড়াশোনা করছে।জরিপে দেখা যায়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ দশমিক ৪ শতাংশ ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ দশমিক ৯ শতাংশে পানির সুবিধা আছে। আর শৌচাগারের সুবিধা আছে যথাক্রমে ৪৩ শতাংশ ও ৭৪ দশমিক ৪ শতাংশ স্কুলে।ওই অনুষ্ঠানে উপস্থিত প্রফেশনাল ও টেকনিক্যাল ট্রেনিং-বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রিয়াজ হোসেন পিরজাদা বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি) এবং এডুকেশন ফর অলের (ইএফএ) লক্ষ্যমাত্রা পূরণে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা এলাকায় কাজ করছে সরকার।ইউনেস্কোর হিসাব অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্কুলে না যাওয়া শিশুদের সংখ্যা পাকিস্তানে সবচেয়ে বেশি। আর এর মধ্যে মেয়েদের প্রাধান্য বেশি। দেশটির সংবিধান অনুয়ায়ী ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা মৌলিক অধিকার।