পাকিস্তানের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতাদের নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন অধ্যাপক ওয়ারিস মির। দেশে ফিরে পাকিস্তানি নিধনযজ্ঞ নিয়ে লেখালেখি করেন। তিনি লাহোরে এক জনবক্তৃতায় পাকিস্তানি বাহিনীর ব্যাপক সমালোচনাও করেছিলেন। এ ভূমিকার জন্য জীবদ্দশায় পাকিস্তানে ব্যাপকভাবে সমালোচিত ও নিন্দিত হয়েছিলেন সাংবাদিকতা বিভাগের এ অধ্যাপক। তাঁর পক্ষে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা নিতে ২৩ মার্চ ঢাকায় এসেছেন তাঁর ছেলে সাংবাদিক হামিদ মির। প্রথম আলোকে দেওয়া তাঁর সাক্ষাৎকারটি তুলে ধরা হলো: প্র. আ.: আপনার বাবা একাত্তরে কেন বাংলাদেশ সফর করেছিলেন? হা. মি.: একাত্তরের অক্টোবরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রকে নিয়ে তিনি বাংলাদেশে শিক্ষাসফরে এসেছিলেন। ওই সফরের সময় বাবা ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান। তাঁকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদের নেতাদের ইউরোপ নেওয়ার জন্য বলেছিল। প্র. আ.: তবে কি তিনি বাংলাদেশ সফরে প্রভাবিত করেছিলেন?হা. মি.: তা বলতে পারেন। তাঁকে যদিও ছাত্রদের ইউরোপ নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি তাঁদের বাংলাদেশ সফরে উদ্বুদ্ধ করেছিলেন। ওই সফরে তিনি ও তাঁর শিক্ষার্থীরা বাংলাদেশে পৌঁছে নিজেদের চোখে দেখলেন পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যা, নির্যাতন আর ধর্ষণের ভয়াবহ চিত্র। পাকিস্তানি সেনারা কেন বাংলাদেশে এ নিধনযজ্ঞ চালাচ্ছে, তা জানতে দেশে ফিরে তিনি সেনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চাইলেন। কিন্তু কেউ তাঁর সঙ্গে দেখা করল না। দেশে ফিরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রতিনিধিদলটি একটি সংবাদ সম্মেলন করেছিল। সেখানে তারা তুলে ধরেছিল কী নৃশংসতা পাকিস্তানি বাহিনী বাংলাদেশে চালাচ্ছে। সে সময় গণমাধ্যমের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর। স্বভাবতই ওই সংবাদ সম্মেলনের খবর শেষ পর্যন্ত কোথাও প্রকাশ পেল না। এরপর বাবা তাঁর বাংলাদেশ সফর নিয়ে বেশ কিছু নিবন্ধ লিখলেন। সেগুলোও কোনো পত্রিকা প্রকাশ করল না। এরপর একাত্তরের নভেম্বরে তিনি লাহোরে একটি গণবক্তৃতা দিলেন। ওই বক্তৃতার পর তাঁকে সরকার কারণ দর্শানোর নোটিশ দিল। তখনকার সেনাশাসক তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল। কিন্তু কোনো কিছুই প্রমাণ হলো না। প্র. আ.: মুক্তিযুদ্ধের সময় আপনাদের পরিবারের বিশেষ কোনো আবেগঘন মুহূর্তের কথা কি মনে পড়ে? হা. মি.: এক রাতের কথা বলতে পারি। আমার মা কাঁদছিলেন, সঙ্গে বাবাও। আমি দ্বিধায় পড়ে গেলাম। প্রশ্ন করে কোনো উত্তর পেলাম না। পরদিন সকালে মাকে প্রশ্ন করলাম। এবারও এড়িয়ে গেলেন। শেষ পর্যন্ত আমার জেদের কাছে হার মানলেন। তাঁর মুখেই শোনা বাংলাদেশের হত্যা আর ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বাবা কেঁদেছেন। মা বললেন, সাতচল্লিশের উপমহাদেশ বিভক্তির সময় তাঁর অবস্থাও আমার মতো হয়েছিল। মা জানালেন, ওই সময় আমার নানিকে অপহরণ করা হয়েছিল। অনেক মুসলিম নারী হিন্দুদের হাতে ধর্ষিত হয়েছিলেন। সাতচল্লিশে হিন্দুরা মুসলিম নারীদের ধর্ষণ ও হত্যা করেছিল। আর একাত্তরে এসে মুসলমানরাই মুসলিম নারীদের ধর্ষণ ও হত্যা করছে। তাই কাল রাতে কেঁদেছি। প্র. আ.: বাংলাদেশের মুক্তিসংগ্রামে সমর্থনের জন্য আপনার বাবা সমালোচিত হয়েছিলেন। এ জন্য কি আপনাকে কোনো বিড়ম্বনার মুখে পড়তে হয়েছিল?হা. মি.: সালটা ১৯৮২। আমি তখন সবে কলেজে ভর্তি হয়েছি। আমার এক সহপাঠী বলল, তুমি বিশ্বাসঘাতকের ছেলে। তোমার সঙ্গে আমি হাত মেলাব না। অপমান আর রাগ নিয়ে বাড়ি ফিরলাম। বাবাকে ঘটনার বর্ণনা দিলাম। বাবা হেসে বললেন, ‘আমি বাংলাদেশের পক্ষে ছিলাম। তাই তারা আমাকে বিশ্বাসঘাতক মনে করে।’ এ নিয়ে তিনি আমাকে তর্ক না করার পরামর্শ দিলেন। অভয় দিলেন, এমন দিন আসবে যেদিন বলবে তোমার বাবা সত্যিকারের দেশপ্রেমিক। প্র. আ.: সে সময় কি এসেছে?হা. মি.: সে সময় সত্য বলাটা পাকিস্তানে দুরূহ ছিল। আর আজ আমি পাকিস্তানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে টিভিতে কথা বলছি, কলাম লিখছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় আলোচনাতে উচ্চকণ্ঠ থেকেছি। কই এখন তো কেউ আর আমাকে ‘বিশ্বাসঘাতক’ বলছে না। প্র. আ.: কিন্তু আপনার এ বক্তব্য নিয়ে তো লোকজন প্রশ্নও করছেন। হা. মি.: তা করছেন। আমিও জবাব দিচ্ছি। দিনের শেষে তাঁরা আমার যুক্তি মেনে নিচ্ছেন। আমি মনে করি, একাত্তর নিয়ে পাকিস্তানে দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন এসেছে। প্র. আ.: এ পরিবর্তন তো বেসরকারি পর্যায়ে হচ্ছে। সরকার কিংবা রাজনীতিবিদ তাঁরা কি একাত্তর নিয়ে পুনর্মূল্যায়নের কথা ভাবছেন?হা. মি.: তাঁদের মাঝেও এ ভাবনা শুরু হয়েছে। পাকিস্তানের এ পরিবর্তনের ক্ষেত্রে নাগরিক সমাজ ও গণমাধ্যম বড় ভূমিকা রেখেছে। একাত্তর নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রসঙ্গে বেশ কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা আমাকে আশ্বস্ত করেছেন শিগগিরই পাকিস্তানের পার্লামেন্টে একটি বিল আনা হবে। ওই বিলে বলা হবে, একাত্তরের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তানের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। আমি তো আশা করি, পাকিস্তানের আগামী পার্লামেন্টেই বিলটি উঠবে আর আমরা দেখব একাত্তরের জন্য প্রকাশ্যে বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে পাকিস্তান। আর এর মধ্য দিয়ে প্রমাণিত হবে বাবার অবস্থানটাই সঠিক ছিল। প্র. আ.: একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর অপকর্মের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়টি পাকিস্তানের সরকার কীভাবে দেখছে? হা. মি.: পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারকে এ নিয়ে প্রশ্ন করেছিলাম। নীতিগতভাবে তিনিও বাংলাদেশের দাবিকে যৌক্তিক মনে করেন। তবে তিনি এটিও উল্লেখ করেছিলেন, ক্ষমা চাওয়ার প্রক্রিয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে সমস্যা রয়েছে। কারণ, পিপিপি সরকারের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না। শরিকদের নিয়ে আমাদের সরকার চালাতে হয়েছে। শরিকদের মধ্যে ডানপন্থী দলও রয়েছে। তাই ক্ষমা চাওয়ার প্রসঙ্গটিতে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাইনি।প্র. আ.: তার মানে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের দাবিটি যৌক্তিক বলে পাকিস্তানও মানছে?হা. মি.: আমি তো তা-ই মনে করি। বাংলাদেশের দাবিটি যথেষ্ট যৌক্তিক। একাত্তরে বাংলাদেশে এবং পাকিস্তানে কর্মরত ছিলেন এমন সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখেছি। এসব আলাপচারিতা থেকে জেনেছি, একাত্তরের সব অপকর্মের সঠিক চিত্র কিংবা প্রমাণ বাংলাদেশের কাছেও নেই। তাই নষ্ট অতীত পেছনে ফেলে একটি উজ্জ্বল অতীতের জন্যই পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। প্র. আ.: পাকিস্তানের আসন্ন নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন। পাকিস্তান কোন পথে এগোচ্ছে?হা. মি.: সঠিক পথেই আছি। এ নির্বাচন অনেক পরিবর্তন আনবে। এটি হবে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। প্র. আ.: পরিবর্তনের সূচনা বলতে কী বোঝাতে চাইছেন?হা. মি.: পরিবর্তন তো বটেই। এবার আর সেনাবাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা নির্বাচনে নাক গলানোর যথেষ্ট সুযোগ পাচ্ছে না। নির্বাচনকে প্রভাবিত করার সুযোগও তাদের নেই। কারণ, বিচার বিভাগ বিশেষ করে সুপ্রিম কোর্ট, গণমাধ্যম, নাগরিক সমাজ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সক্রিয়। রাজনৈতিক দলগুলোর মাঝে মতপার্থক্য থাকলেও একটি বিষয়ে তারা একমত পোষণ করেছে, নির্বাচনে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। আমার মনে হয়, পাকিস্তানে ভবিষ্যতে একটি কোয়ালিশন সরকার হবে। আর নওয়াজ শরিফকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে তিনি কোয়ালিশন সরকারের নেতৃত্ব দেবেন।