পাকিস্তানের অর্থনীতিতে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র: অর্থমন্ত্রী
পাকিস্তান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবনতিশীল সম্পর্ক ইসলামাবাদে আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। পাকিস্তানের অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ গতকাল শুক্রবার এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান বাস্তবতা বিশ্লেষণ করে হাফিজ শেখ পার্লামেন্টারি কমিটিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের এ দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে ওয়াশিংটন প্রতিশোধ নিতে পারে। আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রভাব খাটিয়ে তারা পাকিস্তানের অর্থনীতিতে বড় আঘাত হানতে পারে।অর্থমন্ত্রী আরও বলেন, ‘এটা তো আমেরিকার সাহায্য নয়। কিন্তু তার পরও তারা আইএমএফ, বিশ্বব্যাংকসহ অন্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করতে পারে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’ তিনি আরও বলেন, যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত তখনই, যখন দেশের উন্নয়ন হবে এবং অর্থনৈতিক খাতের কূটনৈতিক বিষয়ও ঠিক থাকবে।