পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের শুধু অর্থ, প্রশিক্ষণ ও নিরাপদ আশ্রয়ই জোগায় না, তালেবানের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদে সংস্থাটির প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্বও রয়েছে। এভাবে ্পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই) তালেবানের কর্মকাণ্ডকে গভীরভাবে প্রভাবিত করে। আজ রোববার প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স ও বিবিসি অনলাইন এ খবর জানায়।প্রতিবেদনটি প্রকাশ করেছে ব্রিটেনের শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স (এলএসই)। প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় এটা দৃঢ়ভাবে প্রতীয়মান হয় যে তালেবানকে সহায়তা করা আইএসআইর একটি ‘প্রাতিষ্ঠানিক নীতি’।অনেক দিন ধরেই এটা ব্যাপকভাবে সন্দেহ করা হচ্ছিল যে আইএসআই ও ইসলামপন্থী জঙ্গিদের মধ্যে যোগাযোগ রয়েছে। কিন্তু এ প্রতিবেদনে প্রাপ্ত তথ্যাবলি—যা দুজন জ্যেষ্ঠ পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করেছেন—আফগানিস্তানে যুদ্ধের ইতি টানতে সাহায্য করার ব্যাপারে পাকিস্তানের সদিচ্ছা সম্পর্কে পাশ্চাত্যে ব্যাপকতর সংশয় সৃষ্টি করতে পারে। প্রতিবেদনে বলা হয়, আগে যা মনে করা হতো আইএসআই তার চেয়ে অনেক বড় মাপে তালেবানকে অর্থ সরবরাহ, প্রশিক্ষণ প্রদান ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বছরের প্রথম দিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাকিস্তানে বন্দী জ্যেষ্ঠ তালেবান নেতাদের সঙ্গে দেখা করেন বলে খবর পাওয়া যায়। ধারণা করা হয়, সে সময় তিনি ওই তালেবান নেতাদের মুক্তি দেওয়া ও জঙ্গি কর্মকাণ্ডে তাঁদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই যুক্তিতে যে তালেবানকে সহায়তা করা ‘পাকিস্তানের বেসামরিক সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনপ্রাপ্ত’।পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র প্রতিবেদনটিকে ‘অর্বাচীন’ আখ্যা দেয় এবং এও বলেন যে তালেবানের সঙ্গে যেকোনো আলোচনা আফগান সরকারের ব্যাপার।প্রতিবেদনটির রচয়িতা এ বছরের প্রথম দিকে আফগানিস্তানে মাঠপর্যায়ে কর্মরত নয়জন তালেবান কমান্ডারের সঙ্গে কথা বলেন। বেশ কয়েকজন তালেবান কমান্ডার, সাবেক জ্যেষ্ঠ তালেবান মন্ত্রী ও সেই সঙ্গে পশ্চিমা ও আফগান নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্কারের ভিত্তিতে তৈরি প্রতিবেদনটি বলেছে, দেখেশুনে মনে হচ্ছে, পাকিস্তান আশ্চর্যজনক আকারের এক দ্বিমুখী খেলা খেলে যাচ্ছে।