সার্ক পররাষ্ট্র সচিবদের বৈঠক শুরু
পাকিস্তানের আপত্তি, প্রাকৃতিক বিপর্যয় রোধ চুক্তি হচ্ছে না
ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে প্রাকৃতিক বিপর্যয় রোধে ব্যবস্থা নেওয়াসংক্রান্ত চুক্তি হচ্ছে না। সংস্থার প্রভাবশালী সদস্যদেশ পাকিস্তান চুক্তির খসড়ার কিছু বিষয়ে শেষ মুহূর্তে আপত্তি জানিয়েছে। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠেয় এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও সাফটায় সেবা-বাণিজ্য চুক্তির পাশাপাশি ওই চুক্তিটিও হওয়ার কথা ছিল। এই চুক্তির খসড়ায় দুর্যোগকালে অন্যান্য সহযোগিতার পাশাপাশি এক দেশ থেকে অন্য দেশে সেনা মোতায়েনেরও প্রস্তাব রয়েছে।থিম্পুর কূটনৈতিক সূত্রগুলো গতকাল রোববার প্রথম আলোকে জানায়, প্রাকৃতিক বিপর্যয়ের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়াসংক্রান্ত সার্ক চুক্তির খসড়ার কিছু বিষয়ে ভিন্নমত জানিয়ে পাকিস্তান এ মাসের শুরুতে চুক্তি সইয়ে অপারগতা জানায়। অথচ গত বছরের শেষে দেশটি চুক্তি সইয়ের ব্যাপারে সম্মতি জানিয়েছিল।্রসার্ক সনদের দশম ধারায় বলা হয়েছে, জোটের যেকোনো বিষয়ে সিদ্ধান্ত হতে হবে সর্বসম্মতভাবে। অর্থাৎ কোনো বিষয়ে একটি মাত্র দেশ আপত্তি দিলে ওই বিষয়ে সিদ্ধান্ত হবে না।এদিকে সার্ক পররাষ্ট্র-সচিবদের দুই দিনের বৈঠক গতকাল থিম্পুর কনভেনশন সেন্টারে শুরু হয়েছে। সূত্র জানায়, ভুটানের পররাষ্ট্রসচিব দ পেনজোর সভাপতিত্বে বৈঠকে সার্ক পরিবেশ সহযোগিতা ও সাফটায় সেবা-বাণিজ্য চুক্তি, সার্ক শীর্ষ সম্মেলন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্রী পর্যায়ের ঘোষণা চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ, সন্ত্রাসবাদ দমন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আগামী এক বছরের কার্যক্রমের খসড়া চূড়ান্ত করার ব্যাপারেও পররাষ্ট্রসচিবেরা কথা বলেন। ২৮ ও ২৯ এপ্রিল শীর্ষ সম্মেলন হবে।প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত পদক্ষেপ নেওয়াসংক্রান্ত সার্ক চুক্তি এবার না হওয়ার কারণ জানতে চাইলে কূটনৈতিক সূত্রগুলো জানায়, খসড়া চুক্তির অন্যতম প্রধান বিষয় দুর্যোগকালে এক দেশের সেনাবাহিনী অন্য দেশে মোতায়েনসহ বেশ কিছু বিষয়ে এ মাসের প্রথমার্ধে পাকিস্তান সার্ক সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করেই দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো গত ডিসেম্বরে বাংলাদেশের পক্ষে চুক্তি সইয়ের বিষয়ে চূড়ান্ত সম্মতি জানায়। পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলন শেষে কলম্বো ঘোষণায় বলা হয়েছিল, প্রাকৃতিক বিপর্যয় রোধে একটি কাঠামো গড়ে তোলা হবে। নয়াদিল্লির সার্ক প্রাকৃতিক বিপর্যয় কেন্দ্রের মাধ্যমে এর কর্মকাণ্ড সমন্বয় করা হবে।্রএ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি এবং আর্থ-সামাজিক ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে জাতীয় উদ্যোগের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সমন্বিতভাবে একটি কার্যকর কাঠামো তৈরির জন্য এ চুক্তির উদ্যোগ নেওয়া হয়। চুক্তির বাধ্যবাধকতা সম্পর্কে খসড়ায় বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার কোনো দেশে প্রাকৃতিক দুর্যোগ হলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত সাড়া দিতে হবে। প্রতিটি দেশের আইনের সঙ্গে সংগতি রেখেই চুক্তির শর্ত বাস্তবায়নে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নিতে হবে।্রদুর্যোগ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার সময় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের মোতায়েন করা হবে। এ ছাড়া সামরিক ও বেসামরিক যান চলাচলের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য পরিবহন অবাধ করা হবে। খসড়া চুক্তির পঞ্চম ধারায় বলা হয়েছে, তাত্ক্ষণিক সহযোগিতা দিতে সদস্য দেশগুলোর কী পরিমাণ সম্পদ আছে সে ব্যাপারে সার্ক প্রাকৃতিক বিপর্যয় কেন্দ্রকে (এসডিএমসি) জানাতে হবে। এর ভিত্তিতে দুর্যোগের প্রস্তুতি হিসেবে এসডিএমসি মহড়ার আয়োজন করবে। এগুলোর ভিত্তিতে দিল্লির দুর্যোগ মোকাবিলাসংক্রান্ত দপ্তর আপৎকালীন সহযোগিতা কর্মকাণ্ডের সমন্বয় করবে। খসড়ার ষষ্ঠ ধারায় বলা হয়েছে, দুর্যোগে আক্রান্ত দেশকে সামরিক ও বেসামরিক সহযোগিতার পাশাপাশি দুর্যোগ মোকাবিলাসংক্রান্ত প্রযুক্তি ও ত্রাণসামগ্রী দেওয়া হবে। প্রতিটি দেশই নিজস্ব আইন মেনে এসব সহায়তা নিশ্চিত করবে। সাহায্যকারী দেশকে দুর্যোগ আক্রান্ত দেশে যানবাহন, টেলিযোগাযোগসামগ্রী ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে কোনো রকম শুল্ক দিতে হবে না। একাদশ ধারায় বলা হয়েছে, বেসামরিক ও সামরিক ব্যক্তির প্রবেশ, অবস্থান ও পণ্যের চলাচল অবাধ করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। দুর্যোগ আক্রান্ত দেশে সামরিক ও বেসামরিক ব্যক্তিদের যাতে সহজেই চেনা যায়, সে লক্ষ্যে তাদের ত্রাণকাজের সময় বিশেষ পোশাক পরার অনুমতি দিতে হবে। বিমান ও অন্যান্য সামরিক যান যা সামরিক ও বেসামরিক ব্যক্তিরা ব্যবহার করবেন, তার জন্য কোনো শুল্ক নেওয়া যাবে না। স্বীকৃত দেশের সামরিক বিমান বন্ধু দেশের বিমান হিসেবে চিহ্নিত হবে।