১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির একজন রাজনীতিক ফারুক তারিক। তিনি একসময় পাকিস্তান লেবার পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সাউথ এশিয়া সোশ্যাল ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।ফারুক তারিক বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী যে কুকর্ম করেছে, সে জন্য আমরা পাকিস্তানিরা লজ্জিত। পাকিস্তান সরকারের উচিত অবিলম্বে গণহত্যার জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া।’ফারুক বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী জামায়াতে ইসলামী, রাজাকার, আল-বদরদের সহায়তায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেছে। তিনি বলেন, পাকিস্তানি সেনাদের সহায়তাকারী জামায়াত নেতাদের বিচার হচ্ছে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ফারুক। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী কেবল বাংলাদেশেই নয় পাকিস্তানেও মৌলবাদী গোষ্ঠীর সহায়তায় বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে।সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়ের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ও নারীনেত্রী রোকেয়া কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়। এতে আরও বক্তব্য দেন ভারতের সিপিআইএমের কেন্দ্রীয় নেতা মো. সেলিম। তিনি বলেন, প্রতিটি ধর্মেই মৌলবাদ রয়েছে। মৌলবাদীরা কেবল অন্য ধর্মেরও ওপরই আক্রমণ করে না, নিজ ধর্মের প্রগতিবাদী মানুষের ওপরও আক্রমণ করে। তারা ধর্মকে স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।