পাকিস্তানের করাচিতে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮
পাকিস্তানের করাচিতে আজ রোববার সকালে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের। করাচি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরেই বিমানটি দুর্ঘটনায় পতিত হয় বলে জানানো হয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র পারভেজ জর্জ বলেছেন, ‘বিমানটি করাচি বিমানবন্দর থেকে উড্ডয়নের দেড় মিনিটের মাথায় বিধ্বস্ত হয়।’ বিমানটি করাচির একটি সামরিক স্থাপনার কাছে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, করাচির একটি নৌঘাঁটির ভেতরে নির্মাণাধীন একটি ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। নৌঘাঁটিটি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত।কর্তৃপক্ষ বলছে, রাশিয়ায় তৈরি এই কার্গো বিমানটি সুদানের রাজধানী খার্তুমে যাচ্ছিল। বিমানটির ক্রু ছিলেন রাশিয়ান। পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা আগুনের লেলিহান শিখার মধ্যেই কাজ করে যাচ্ছেন। টেলিভিশন চ্যানেলগুলো আশঙ্কা করছে বিমানটি যে স্থানে বিধ্বস্ত হয়েছে, সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে। অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, নির্মাণাধীন ভবনের দুজন নির্মাণশ্রমিক বিমান দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। বিমান বিধ্বস্তের কারণ হিসেবে ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার কথা বলা হচ্ছে।