পাকিস্তানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি
একাত্তরে গণহত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞের জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ। স্বাধীনতার চার দশকের মাথায় বাংলাদেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ক্ষতিপূরণের দাবি তুলল। বাংলাদেশ দীর্ঘদিন ধরে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করে আসছিল।গত সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দাবিটি তোলেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। বৈঠকটি দুই দিনের হলেও গত সোমবারের আলোচনার মধ্য দিয়ে সচিব পর্যায়ের পঞ্চম বৈঠকটি শেষ হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলেন।যুদ্ধের ক্ষতিপূরণের দাবির বিষয়ে পাকিস্তানের অবস্থান জানতে চাইলে বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, বাংলাদেশের দাবির বিষয়ে পাকিস্তান কোনো মতামত দেয়নি। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সংখ্যাতাত্ত্বিক কোনো বিষয়ের ওপর জোর না দিয়ে দুই পক্ষকে সমস্যা সমাধানের নীতি ঠিক করার ওপর জোর দিতে হবে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের সাত সদস্যের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্রসচিব সালমান বশির।বৈঠক সূত্রে জানা গেছে, দুই পক্ষই স্বীকার করেছে, সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের মধ্যে যথেষ্ট সদিচ্ছা রয়েছে। এ প্রেক্ষাপটে সম্পর্ক নতুন পর্যায়ে নিতে সহযোগিতা সম্প্রসারণে রাজি হয়েছেন দুই দেশের কর্মকর্তারা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যৌথ অর্থনৈতিক কমিশনের পরের বৈঠকটি খুব শিগগির আয়োজন করা হবে। এ ছাড়া বাংলাদেশের পররাষ্ট্রসচিবের প্রস্তাবে সাড়া দিয়ে পাকিস্তান প্রতিবছর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক পর্যায়ে অন্তত দুবার বৈঠক আয়োজনে রাজি হয়েছে।বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে দ্বিপক্ষীয় বাণিজ্যবছরে এক বিলিয়ন ডলারে নিতে দুই দেশ বাণিজ্যবান্ধব পদক্ষেপ নিতে কাজ করবে। এ লক্ষ্যে পাকিস্তানের বাজারে বাংলাদেশ পাটজাত পণ্যের শুল্কমুক্ত প্রবেশের পাশাপাশি সংবেদনশীল পণ্যের তালিকা পর্যালোচনার অনুরোধ জানিয়েছে।আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসবাদ দমনে এক দেশ অন্য দেশকে সহায়তা করতেও রাজি হয়েছে।একাত্তরের আগে কুমিল্লার ময়নামতি ও চট্টগ্রামে ভূতাত্ত্বিক জরিপ এবং প্রত্নতাত্ত্বিক খননকাজ চালিয়েছিল পাকিস্তান। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওই জরিপ ও খননের তথ্য দিতে রাজি হয়েছে পাকিস্তান।এদিকে অমীমাংসিত বিষয়ের মধ্যে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, সম্পদের বণ্টন ও ৭০-এ ঘূর্ণিঝড়ে আসা বিদেশি সাহায্যের অর্থ ফেরত ও পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তোলে বাংলাদেশ। এ সময় প্রথমবারের মতো বাংলাদেশ দাবি করে, ’৭১ সালের যুদ্ধের জন্য পাকিস্তানকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।