পত্র-পত্রিকায় ক্রিকেট রচনায় কিংবা আড্ডায় বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে একটি আলোচনা প্রায়ই হয়। আলোচনাটা হলো—যেদিন বাংলাদেশের বোলিং ভালো হয়, সেদিন ব্যাটসম্যানরা তাঁদের ব্যর্থতার চূড়ান্ত প্রদর্শনী ঘটান, আবার যেদিন ব্যাটিং খারাপ হয়, সেদিন বোলাররা ভালো বোলিং দিয়ে দেশবাসীর আক্ষেপটা আরও বাড়ান। গতকাল সেন্ট লুসিয়ায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি। যাচ্ছেতাই বোলিংয়ের পর ব্যাটসম্যানদের চোয়ালবদ্ধ লড়াই দেখে মনে হলো ক্রিকেটে প্রতিটি বিভাগের অনুষঙ্গ একসঙ্গে না মেলাতে পারার কারণেই বাংলাদেশ ক্রিকেট দল জিততে পারে না। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে ২১ রানের পরাজয় সেই ব্যাপারটিকেই বড় করুণভাবে আবারও সামনে নিয়ে এসেছে। সেন্ট লুসিয়ার বোশেজো মাঠটি বেশ বড়। স্লো আউট ফিল্ডের কারণে টি-টোয়েন্টি ক্রিকেটের সেই চিরন্তন ধুমধাড়াক্কা এই মাঠে বিরল। পরিকল্পনামাফিক ব্যাটিং ছাড়া সেন্ট লুসিয়ায় বড় জেতার মতো স্কোর করা অসম্ভবই বলা চলে। পাকিস্তান কাল টসে জিতে ব্যাটিংয়ে নেমে সেই কাজটিই করে দেখিয়েছে। তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট ও কামরান আকমল চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে নয়; বরং দেখেশুনে খেলে সারাক্ষণই রানের চাকা সচল রাখেন। এই দুই ব্যাটসম্যানের ব্যাটিংয়ের সময় সবচেয়ে লক্ষণীয় বিষয়টি ছিল, রান রেট কখনই আটের নিচে না নামা। সেই সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশের বোলারদের একেবারে সাদামাটা বোলিং। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে স্পিন বোলিং-নির্ভর প্রতিযোগিতা বলা হলেও বাংলাদেশের স্পিনাররা গতকাল নিজেদের প্রমাণে ব্যর্থ তো বটেই; বরং বাংলাদেশের গতকালের পরাজয়ে তাঁদেরই দায় সিংহভাগ। রাজ্জাক, নাঈম, সোহরাওয়ার্দীদের বোলিং দেখে মনে হচ্ছিল, তাঁরা যেন সালমান বাট ও কামরান আকমলকে ব্যাটিং প্র্যাকটিস করাতে নেমেছেন। সেই তুলনায় অধিনায়ক সাকিব আল হাসান ওভারপ্রতি মাত্র ৬ দশমিক ৭৫ রান খরচায় দুটি উইকেট দখল করেন। মূলত তাঁর কল্যাণেই ২০ ওভার শেষে পাকিস্তানের রান ১৭২-এর বেশি হয়নি। পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট ও কামরান আকমল দুজনেই ৭৩ রান করে করেন। ১৪২ রানের উদ্বোধনী জুটির কল্যাণে পাকিস্তান একসময় স্বপ্ন দেখছিল ২০০ রানের। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানরা সালমান বাট ও কামরান আকমলের গড়ে দেওয়া ভিতের ওপর দিয়ে হাঁটতে না পারায় পাকিস্তান দলের সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে তার পরও বাংলাদেশের সামনে পাকিস্তান দাঁড়া করায় ১৭৩ রানের লক্ষ্যমাত্রা। যা ছিল সেন্ট লুসিয়ার বোশেজো মাঠের আকার ও আউটফিল্ডকে হিসাবে নিলে এক কঠিন লক্ষ্যই। ২০ ওভারে ১৭৩ রান করার লক্ষ্য দিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ মোহাম্মদ আমিরের প্রথম ওভারেই উইকেটে হারায়। নিজের রানের খাতা না খুলেই ভুল বলে পুল করতে গিয়ে মিসবাহ-উল-হকের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস। কব্জির ইনজুরি কাটিয়ে খেলায় ফেরা তামিম ইকবাল নিজের স্বভাবসুলভ ঢঙে ব্যাট চালাতে না পারার কারণে বাংলাদেশ প্রথম থেকেই রান রেটে পিছিয়ে পড়ে। তবে আশরাফুলের ওপর নির্বাচকদের আস্থা রাখাটা যে একেবারে খারাপ সিদ্ধান্ত ছিল না, তার প্রমাণ দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক নিজেই। অনেক দিন পর সত্যিকারের ‘আশরাফুলীয়’ ইনিংস দেখা গেল তাঁর ব্যাট থেকে। ৪৯ বলে ৬৫ রান করে তিনিই বাংলাদেশকে শেষ অবধি ম্যাচে রেখেছিলেন। অধিনায়ক সাকিব আল হাসান ৩১ বলে ৪৭ রান করেন। আশরাফুল ও সাকিবের জুটিটি যতক্ষণ উইকেটে ছিল, ততক্ষণ জয়টা বাংলাদেশের জন্য একেবারেই অসম্ভব বলে মনে হচ্ছিল না। পাকিস্তানি ‘ডাগ আউটে’ও তখন ছিল উত্কণ্ঠা আর শঙ্কা। তবে এ সময় পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। একপর্যায়ে বোলিংয়ে নিয়ে আসেন অভিজ্ঞ মোহাম্মদ সামিকে। সামিকে এনেই সাফল্য পান আফ্রিদি। লং অনে উমর আকমলের হাতে ধরা পড়েন সাকিব। এরপর আশরাফুলের সঙ্গী হন মাহমুদউল্লাহ। বাংলাদেশের সাম্প্রতিককালের সেরা পারফরমার মাহমুদউল্লাহ কোনো রান না করে ফিরে গেলে জয়ের আশা ফিকে হতে থাকে বাংলাদেশের। আশরাফুল মোহাম্মদ আমিরকে স্কুপ করতে গিয়ে উইকেটরক্ষক কামরান আকমলের হাতে ধরা পড়লে জয়ের আশা দূর দিগন্তেই মিলিয়ে যায়। এরপর নাঈম ৯ বলে ১০ রান করে পরাজয়ের ব্যবধানটিই কমিয়েছেন কেবল। পাকিস্তানের সেরা বোলার ছিলেন মোহাম্মদ সামি। তিনি ২৯ রানে নেন ৩ উইকেট। আমির নিয়েছেন ১৬ রানে ২টি। সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ১৭২/৩ (২০ ওভার)সালমান বাট ৭৩, কামরান আকমল ৭৩সাকিব আল হাসান ২/২৭, শফিউল ১/২৫বাংলাদেশ: ১৫১/৭ (২০ ওভার)আশরাফুল ৬৫, সাকিব ৪৭সামি ৩/২৯, আমির ২/১৬পাকিস্তান: ২১ রানে জয়ীপ্লেয়ার অব দ্য ম্যাচ: সালমান বাট (পাকিস্তান)আম্পায়ারদ্বয়: অশোকা ডি সিলভা (শ্রীলঙ্কা), আর জে টাকার (অস্ট্রেলিয়া)ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)