পাকিস্তানের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন পাকিস্তানের দুটো অংশ নির্মমভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই মার্চ মাসের পাকিস্তান ট্র্যাজেডির ব্যাপ্তি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। ছয়জন বিদেশি সংবাদদাতাকে পূর্ব পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সরকারনিয়ন্ত্রিত সফরে তাঁরা যতটুকুই দেখতে পেরেছেন, তার তথ্যবহুল বিবরণী থেকেই বেরিয়ে আসছে সে ট্র্যাজেডির চিত্র। তাঁদের একজন অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মোস্ট রোজেনব্লুম পূর্ব পাকিস্তান ছেড়ে ব্যাংককে এসে তাঁর প্রতিবেদন পাঠিয়েছেন। তাঁর লেখায় যা উঠে এসেছে তা কসাইয়ের নির্মমতা, ঘৃণা আর ভয়ংকরের গল্প। একটি জাতীয় অর্থনীতির ধ্বংসের প্রান্তসীমায় চলে আসার গল্প, রাজনৈতিক হট্টগোলের গল্প।রোজেনব্লুমের অনুমান, সেখানে পাঁচ লাখ মানুষকে হত্যা করা হয়েছে। তিনি বলেছেন, ধ্বংসযজ্ঞের যে দৃশ্য তা অবিশ্বাস্য। লাখ লাখ মানুষ অভুক্ত। অন্যান্যের প্রতিবেদনে এটাও স্পষ্ট, পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে পূর্ব বাংলায় হত্যা করা হয়েছে অজানা সংখ্যক অবাঙালিকে। তাদের লেখায় এটাও স্পষ্ট হয়েছে, এই রাষ্ট্রের বর্বরোচিত বিভাজনের দায় সবার আগে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের আদেশদাতাদের ওপর বর্তায়। পূর্ব বাংলার রাজধানী ঢাকায় মাত্র ১৫০ জনের মৃত্যু হয়েছে—আগে বলা এই তথ্য সর্বৈব মিথ্যা। আর সম্ভাব্য সশস্ত্র অভ্যুত্থান রোধ করতে সেনাবাহিনী গভীর রাতে হানা দিতে বাধ্য হয়েছে, এ দাবিও মিথ্যা। কারণ এই বক্তব্যের কোনো সাক্ষ্য এখনো মেলেনি।প্রকৃত সত্য হচ্ছে, পাকিস্তান সরকার জাতীয় পরিষদ নির্বাচনে বিজয়ী পূর্ব বাংলার আওয়ামী লীগকে ক্ষমতাসীন হতে না দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই প্রতিজ্ঞা থেকেই মার্চ মাসে পরিকল্পিত এই আক্রমণ চালানো হয়।যদিও এ ঘটনার পরিণতি কী হবে, এখনই জানা যাবে না। তবে এটা অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে, পাকিস্তানের স্রষ্টারা যে দেশের স্বপ্ন দেখেছিলেন, এর সমাপ্তি ঘটেছে। ইতিমধ্যে ভগ্নদশার অর্থনীতি যেখানে এসে ঠেকেছে, সেখান থেকে উত্তরণের আর কোনো সুযোগ নেই।