পাকিস্তানের ছয় হুমকি
বিশ্বের কাছে পাকিস্তানের পরিচিতি সন্ত্রাসে জর্জরিত এক দেশ হিসেবে। প্রতিদিন দেশটির কোথাও না কোথাও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। ঘটছে প্রাণহানি। তবে পাকিস্তানের সমস্যা বা হুমকি কেবল সন্ত্রাস নয়, আরও অনেক কিছু।‘পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি’ শিরোনামে গত ৯ মার্চ ভারতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তানের অভ্যন্তরীণ নানা হুমকি নিয়ে কথা বলেন অধ্যাপক কলিম বাহাদুর ও রানা ব্যানার্জি। সেমিনারের মূল বক্তব্য প্রকাশিত হয়েছে ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের ওয়েবসাইটে।সেমিনারে পাকিস্তানের বিপুল সমস্যার মধ্যে ছয়টিকে মূল হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। বিষয়গুলো হচ্ছে—জঙ্গিবাদ, রাষ্ট্রীয় উগ্রবাদ, বিভিন্ন নৃ-গোষ্ঠীর আন্দোলন, উপদলগুলোর মধ্যে বিভেদ, জ্বালানি সংকট, পানির অভাব ও অর্থনীতির নিম্নগতি।বক্তারা বলেন, ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আফগানিস্তান যুদ্ধে জেহাদিদের ব্যবহার এবং পরবর্তী সময়ে তালেবানের সঙ্গে সখ্যতার কারণে পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতার বড় একটা ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) পতাকাতলে সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হচ্ছে পাকিস্তান। এরই মধ্যে শত শত আত্মঘাতী হামলা চালিয়েছে টিটিপি। লক্ষ্য, পাকিস্তানের প্রচলিত আইন বাতিল করে শরিয়া আইন প্রতিষ্ঠা করা। টিটিপির হামলার ধরন থেকে স্পষ্ট, এর সঙ্গে আল-কায়েদার যোগসূত্র রয়েছে। আত্মঘাতী হামলা ও অপহরণ পাকিস্তানে এখন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বেশির ভাগ সন্ত্রাসী গোষ্ঠী দুর্গম উপজাতীয় অধ্যুষিত এলাকা থেকে এসে তাদের কার্যক্রম চালিয়ে থাকে। এ কারণে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযান বা মার্কিন বাহিনীর সুশৃঙ্খল ড্রোন হামলাতেও কোনো কাজ হচ্ছে না।সেমিনারে বলা হয়, পাকিস্তানের দ্বিতীয় হুমকি হলো উগ্রবাদ। জোর করে ইসলাম কায়েমের চেষ্টা দেশটিতে সামাজিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি করছে। উগ্রপন্থী রাজনীতির পথে এগিয়ে যাওয়ার এই চেষ্টাকে ‘তালেবানীকরণ’ হিসেবে আখ্যায়িত করেন বক্তারা।বক্তারা বলেন, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর উত্থানে কেবল মাদ্রাসা শিক্ষা দায়ী নয়। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য সন্ত্রাসবাদ বৃদ্ধির অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে।পাকিস্তানের নিরাপত্তা হুমকির একটা বড় দিক হলো দেশটিতে জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান। নৃ-তাত্ত্বিক পরিচয় অনুসারে স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবি তুলেছে অনেক গোষ্ঠী। বেলুচিস্তান এর সবচেয়ে বড় উদাহরণ।উপদলগুলোর মধ্যে বিভেদ পাকিস্তানের সংকটকে আরও ঘনীভূত করেছে। সংখ্যাগরিষ্ঠ সুন্নি ও সংখ্যালঘু শিয়া মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সবচেয়ে প্রকট।পাকিস্তানের শেষ তিনটি হুমকি হলো জ্বালানি সংকট, পানির অভাব ও অর্থনীতির নিম্নগতি। এ তিনটিই একে অপরের সঙ্গে সম্পর্কিত। এ সমস্যাগুলোর সমাধান করা না গেলে আরও বড় বিপর্যয়ে পড়ার আশঙ্কা রয়েছে পাকিস্তানের।সেমিনারে মূল যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হলো—১. কেবল মাদ্রাসা শিক্ষা নয়, পাকিস্তানে উগ্রবাদ সৃষ্টির জন্য ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থাও সমানভাবে দায়ী। বিষয়টি নিয়ে আরও গবেষণা দরকার।২. উগ্রবাদীদের দমনে পাকিস্তান সরকার কেন ব্যর্থ, এ নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন।৩. নৃ-তাত্ত্বিক গোষ্ঠীগুলোর আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা নিয়ে আরও গভীরভাবে ভাবতে হবে।