পাকিস্তানের জঙ্গি নেতা মালিক ইসহাক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান মালিক ইসহাককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিজের বাড়ি থেকে ইসহাককে আটক করা হয়। বিবিসি অনলাইনের খবরে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়। গত শনিবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় শিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় ৯০ জন নিহত হয়। লস্কর-ই-জাংভি এই হামলার দায় স্বীকার করেছে। তবে মালিক ইসহাককে ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পাকিস্তানের আইন অনুযায়ী, সন্দেহজনকভাবে কাউকে আটক করা হলে কোনো অভিযোগ ছাড়াই তাঁকে তিন মাস কারাভোগ করানো যায়।প্রায় ১০ বছর কারাভোগের পর কয়েক মাস আগে মালিক ইসহাক মুক্তি পান।