পাকিস্তানের জন্য ওবামার ৩ কোটি ৩০ লাখ ডলারের সাহায্য ঘোষণা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যার্থে তিন কোটি ৩০ লাখ মার্কিন ডলারের একটি স্মারকে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রের জরুরি শরণার্থী সহায়তা তহবিল থেকে পাকিস্তানকে এ সহায়তা দেওয়া হয়েছে।প্রেসিডেন্ট ওবামা তিন কোটি ৩০ লাখ ডলারের এই সাহায্য স্মারকে স্বাক্ষরের পর পাকিস্তানের ভয়াবহ বন্যায় ত্রাণ ও পুনর্বাসনে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার পরিমাণ ২৩ কোটি ডলার ছাড়িয়ে গেল। বন্যাদুর্গত পাকিস্তানে বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত যে পরিমাণ সাহায্য এসেছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি। বন্যাদুর্গতদের সহযোগিতায় প্রতিবেশী ভারত জাতিসংঘের মাধ্যমে পাকিস্তানকে এ পর্যন্ত দুই কোটি ৫০ লাখ মার্কিন ডলার সাহায্য দিয়েছে। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় পাকিস্তানের এক হাজার ৭০০ জন নিহত হয়েছে এবং প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে।পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যার্থে যুক্তরাষ্ট্রের দেওয়া ২৩ কোটি মার্কিন ডলারের মধ্যে ১৫ কোটি ডলার দেওয়া হয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জাতিসংঘের জরুরি সহায়তা পরিকল্পনা এবং বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে।এ ছাড়া পাঁচ কোটি ডলার দেওয়া হয়েছে প্রাথমিক অবস্থায় দুর্গতদের ঘরবাড়ি নির্মাণের জন্য। আর সর্বশেষ আরও তিন কোটি ৩০ লাখ ডলারের অর্থ ঘোষণা দেওয়া হলো দুর্গতদের জরুরি সহায়তার লক্ষ্যে। এর বাইরেও যুক্তরাষ্ট্র পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। যার আর্থিক মূল্য আরও প্রায় দুই কোটি মার্কিন ডলার।—এনডিটিভি অনলাইন