পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী খোসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক বিচারপতি মির হাজার খান খোসোকে পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ‘দ্য ডন’ পত্রিকার অনলাইন জানায়, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি (অব.) ফখরুদ্দিন জি ইব্রাহিম আজ রোববার এ ঘোষণা দেন।তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নির্ধারণে সংসদীয় কমিটি ব্যর্থ হয়। এরপর গতকাল শনিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আলোচনা শুরু করে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনের সচিব জানান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে গতকাল প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি (অব.) ফখরুদ্দিন জি ইব্রাহিমের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। প্রথম দফার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। সন্ধ্যার পর কমিটি আবার বৈঠকে বসে। তিনি জানান, রোববারের (আজ) মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে।এর আগে আট সদস্যের সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদের জন্য চারজনের নাম উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয়। ওই চারজনের তালিকায় ছিলেন ইসরাত হুসেইন, বিচারপতি (অব.) নাসির আসলাম জাহিদ, রসুল বখস পালিজো ও মির হাজার খান খোসো। আজ নির্বাচন কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্য এই তালিকা থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে খোসোর নাম চূড়ান্ত করেন। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে সদ্য ক্ষমতা ছেড়ে দেওয়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএএমএল-এন) চারজন করে সদস্য নিয়ে আট সদস্যের সংসদীয় কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন দিনেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এ দায়িত্ব চলে যায় নির্বাচন কমিশনের হাতে।