পাকিস্তানের তথ্যমন্ত্রীর পদত্যাগ
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফিরদৌস আশিক আওয়ান আজ রোববার তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।দেশটির বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিলেন। আওয়ান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, নাকি নিজ উদ্যোগেই পদত্যাগ করেছেন, তা এখনো পরিষ্কার নয়। কোনো কোনো বিশ্লেষকের মতে, সর্বশেষ এই ঘটনা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে তাঁর দল পাকিস্তান পিপলস পার্টির নেতাদের মতভেদকেই ইঙ্গিত করে।জারদারির উদ্দেশে আওয়ান বলেছেন, ‘আমি আপনার নেতৃত্বকে সমর্থন করি। কিন্তু আমি মনে করি, মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে আমি আর যথেষ্ট উপযুক্ত নই। তাই পদত্যাগপত্র জমা দিয়েছি।’ আওয়ান মন্ত্রিসভার বৈঠকে অশ্রুসিক্ত কণ্ঠে এসব কথা বলেন। এ দৃশ্য টেলিভিশনেও প্রচারিত হয়েছে। কোনো কোনো বিশ্লেষক বলেছেন, ‘মেমোগেট’ কেলেঙ্কারির ঘটনায় তথ্যমন্ত্রী হিসেবে সরকারকে রক্ষা করতে ব্যর্থতার কারণে আওয়ানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।