পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ
পাকিস্তানের পার্লামেন্ট দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক পানি ও বিদ্যুৎমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে নির্বাচিত করেছে। আজ শুক্রবার পার্লামেন্ট তাঁকে নির্বাচিত করে। পার্লামেন্টে রাজা পারভেজ আশরাফ পেয়েছেন ২১১ ভোট। আর পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) দলের প্রার্থী সরদার মেহতাব আব্বাসী পেয়েছেন ৮৯ ভোট। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে অভিনন্দন জানিয়ে বলেন, আশরাফের নির্বাচন পাকিস্তানের শক্তিশালী গণতন্ত্রের ইঙ্গিত বহন করে।এদিকে তৃতীয় প্রার্থী জামিয়াত-উল-ইসলামের প্রধান মওলানা ফজলুর রেহমান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। তিনি প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষ ভূমিকা পালন করেন। আজ পিএমএল-এন ও জেইউআই-এফের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়। ওই আলোচনায় পিএমএল-এন তাদের প্রার্থী আব্বাসীকে সমর্থন দেওয়ার জন্য জেইউআই-এফকে অনুরোধ জানায়। ফজলুর রেহমান বৈঠকের ব্যাপারে জানান, তিনি চেয়েছেন দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা হোক। এ কারণে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানান। এদিকে বিশ্লেষকেরা প্রধানমন্ত্রী পদে রাজা পারভেজ আশরাফের নির্বাচনকে অনেকটাই বিতর্কিত মনে করছেন। পানি ও বিদ্যুৎমন্ত্রী থাকাকালে একটি দুর্নীতি মামলায় জড়িয়েছিলেন রাজা পারভেজ আশরাফ। এ ছাড়া মন্ত্রী থাকাকালে দেশে জ্বালানি সংকটের কারণেও তিনি সমালোচিত হন। মনে করা হচ্ছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দুর্নীতির মামলা পুনরায় চালু করতে সুইস কর্তৃপক্ষকে চিঠি লেখার জন্য শিগগিরই আশরাফের ওপর চাপ দেবেন। তবে আশরাফ বলছেন, ক্ষমতায় গিয়ে তাঁর প্রধান কাজ হবে জ্বালানি সংকটের সমাধান করা।আজ এক সংবাদ সম্মেলনে নির্বাচিত ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে রাজা পারভেজ আশরাফের নাম ঘোষণা করে। বিবিসি ও ডন অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এরপর থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদটি শূন্য হয়ে পড়ে।গিলানি অযোগ্য হওয়ার পর পিপিপি প্রধানমন্ত্রী পদের জন্য দলটির নেতা মখদুম শাহাবুদ্দিনকে মনোনয়ন দেয়। শাহাবুদ্দিন মন্ত্রিসভায় বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু পাকিস্তানের একটি আদালত গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে অবৈধ মাদক আমদানির অভিযোগে মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবরে বলা হয়।