পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মখদুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী পদে দলের জ্যেষ্ঠ নেতা মখদুম শাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিয়ো নিউজ এ খবর জানিয়েছে।পাকিস্তানের সর্বোচ্চ আদালত গতকাল মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্য পদে থাকার অযোগ্য ঘোষণা করেন।আদালতের রায়ের পরই গতকাল পিপিপির জ্যেষ্ঠ নেতারা ইসলামাবাদে জরুরি বৈঠকে বসেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওই বৈঠক ডাকেন। আজ বুধবার সকালে জারদারির সভাপতিত্বে দলটির জ্যেষ্ঠ নেতারা আবার বৈঠকে বসেন। বৈঠকে মখদুম শাহাবুদ্দিনকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় পিপিপি। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য কাল বৃহস্পতিবার জাতীয় পরিষদ বা নিম্নকক্ষের অধিবেশন আহ্বানেরও সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।এ মনোনয়ন সম্পর্কে পিপিপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে আজ বিকেলে এ বিষয়ে পিপিপির কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডের আদালতে দায়ের হওয়া অর্থপাচারের মামলা পুনরায় চালু করতে সুইজারল্যান্ডের সরকারকে চিঠি লিখতে প্রধানমন্ত্রী গিলানিকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। কিন্তু গিলানি সেই নির্দেশ পালন না করায় গত ২৬ এপ্রিল তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। ওই সময় গিলানিকে প্রতীকী দণ্ডাদেশ দেওয়া হয়েছিল।ওই রায়ের বিরুদ্ধে কোনো আপিল না করায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করেন। বিশ্লেষকেরা বলছেন, আদালতের এই আদেশের পর আবারও রাজনৈতিক সংকটে পড়ল পাকিস্তান।