পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন রাজা পারভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউসুফ রাজা গিলানির উত্তরসূরি নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা রাজা পারভেজ আশরাফ। গতকাল শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের সদস্যদের ভোটাভুটিতে তিনি ২৫তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ৩৪২ আসনের জাতীয় পরিষদে রাজা পারভেজের পক্ষে ২১১টি ভোট পড়ে। প্রধানমন্ত্রী নির্বাচিত হতে প্রয়োজন ১৭২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দল নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা মেহতাব আব্বাসি ৮৯ ভোট পেয়েছেন।সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এরপর প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয়।স্পিকার ফাহমিদা মির্জার সভাপতিত্বে গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। জাতীয় পরিষদে পিপিপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের ২২৯টি আসন রয়েছে। তাই রাজা পারভেজের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র।প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে রাজা পারভেজ ছাড়াও ছিলেন পিএমএল-এনের নেতা মেহতাব আব্বাসি ও উলেমা-ই-ইসলামের (জেইউআই-এফ) প্রধান ফজলুর রেহমান। পরে ফজলুর রেহমান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন ও ভোটদানে বিরত থাকেন।প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় রাজা পারভেজকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেন, ‘রাজা পারভেজের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এটাই প্রমাণ করে, জনগণ গণতন্ত্রের প্রতি আস্থাশীল।’এর আগে গতকাল সংবাদ সম্মেলন করে পিপিপির প্রার্থী হিসেবে রাজা পারভেজ আশরাফের নাম ঘোষণা করে পিপিপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। এ সময় পিপিপির অন্যতম মিত্র পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-কিউ) ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডের আদালতে দায়ের হওয়া অর্থ পাচারের মামলা আবার চালু করতে সুইজারল্যান্ড সরকারকে চিঠি লিখতে প্রধানমন্ত্রী গিলানিকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। গিলানি সেই নির্দেশ পালন না করায় গত ২৬ এপ্রিল গিলানিকে দোষী সাব্যস্ত করা হয়। এ জন্য আদালত তাঁকে প্রতীকী দণ্ড দেন। গিলানি এর বিরুদ্ধে আপিল না করায় আদালত মঙ্গলবার তাঁকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে অযোগ্য ঘোষণা করেন। জিও নিউজ ও ডন নিউজ অনলাইন।