পাকিস্তানের নাগরিকদের আগমন-পরবর্তী ভিসা দিচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রবীণ নাগরিকদের ভারত সফরের জন্য সীমান্তে আগমন-পরবর্তী ভিসা (অন অ্যারাইভেল ভিসা) দেওয়া শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার থেকে ৬৫ বছরের বেশি বয়সী পাকিস্তানিদের ৪৫ দিনের এ ভিসা-সুবিধা দেওয়া হচ্ছে। এ সময় তাঁরা বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে পারবেন।বিবিসি জানায়, গত বছরের সেপ্টেম্বরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় এ ভিসা দেওয়া শুরু হয়। লাহোরের কাছে বাঘা সীমান্তে এ ভিসা দেওয়া হচ্ছে। প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভিসা ইস্যু করা হবে। একজন ভারতীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, প্রতিবার ভারত সফরের সময় পাকিস্তানের প্রবীণ নাগরিকেরা সর্বোচ্চ পাঁচ জায়গায় ভ্রমণ করতে পারবেন। তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, পাঞ্জাব, কেরালাসহ কয়েকটি স্থানে তাঁরা যেতে পারবেন না।বিবিসি আরও জানায়, পাকিস্তানের প্রবীণ নাগরিকেরা প্রতিবছর এ ধরনের দুটি ভিসার আবেদন করতে পারবেন। তবে এ সময় বাঘা সীমান্ত অবশ্যই হেঁটে পার হতে হবে। এখন থেকে ভিসা পাওয়া নাগরিকদের পুলিশের কাছে প্রতিবেদন দাখিল করতে হবে না। আগে ভারত ভ্রমণের সময় পাকিস্তানের প্রতিটি নাগরিককে এ প্রতিবেদন জমা দিতে হতো। ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে যে শীতলতা দেখা দিয়েছিল, এ উদ্যোগের মাধ্যমে সে অবস্থার উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে গত সপ্তাহে কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গুলিতে দুই দেশেরই চারজন সেনা নিহত হয়। এতে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।