পাকিস্তানের নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্রষ্টা ও অখণ্ড পাকিস্তানের নামে’ পশ্চিম পাকিস্তানি প্রাধান্যের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সরকার সংখ্যাগরিষ্ঠ বাঙালির ওপর নির্মম সেনা আক্রমণ চালিয়ে স্রষ্টা ও পাকিস্তান উভয়কেই অসম্মানিত করেছে। বাঙালিরা পাকিস্তানের পূর্বাঞ্চলে নিজেদের জন্মভূমির জন্য বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছিল।সেনা আক্রমণের সময় যেসব সংবাদদাতা ও কূটনীতিক পূর্ব পাকিস্তানের রাজধানী শহর ঢাকায় অবস্থান করছিলেন, তাঁরা যে বর্ণনা দিয়েছেন, তাতে নিরস্ত্র জনতার ওপর নোংরা সামরিক আক্রমণে যে ‘ঐক্য’ সৃষ্টি হবে, তার যে আদল, তা অর্থহীন হবে, এর কোনো দীর্ঘমেয়াদি প্রভাব থাকবে না। পূর্ব পাকিস্তানের ‘মুসলমান ভাই’দের ওপর পশ্চিমা বাহিনীর যে বর্বরতা প্রত্যক্ষ করা গেছে, তা বাঙালিদের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এবং দুই অংশের মধ্যে যে সমঝোতা সম্ভব নয়, সেই যুক্তিকেই প্রতিষ্ঠিত করে।যদিও বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ বিরোধ, পাকিস্তানের এই সংগ্রামের ভয়াবহ এক আন্তর্জাতিক পরিণতি ঘটতে পারে। বিশেষ করে যদি একটি মেয়াদি গেরিলা যুদ্ধ চলতে থাকে। এ অবস্থায় বিশ্ব সম্প্রদায় সবচেয়ে কম হলেও যেটুকু করতে পারে তা হচ্ছে, মানবতা ও কাণ্ডজ্ঞানের দোহাই দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়াকে রক্তপাত বন্ধ করতে বলা এবং জনগণের নির্বাচিত নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানকে যথাযোগ্য স্থানে প্রতিষ্ঠিত করা।পাকিস্তানি সেনাবাহিনীকে সজ্জিত করতে ও প্রশিক্ষণ দিতে যেহেতু যুক্তরাষ্ট্র প্রধান ভূমিকা পালন করে আসছে, যুক্তরাষ্ট্রের এখন বিশেষ দায়িত্ব হচ্ছে ইয়াহিয়া সরকারকে যেকোনো ধরনের সামরিক সহায়তা প্রদান স্থগিত রাখা। কেবল এই শর্তে অর্থনৈতিক সাহায্য অব্যাহত রাখা যেতে পারে যে পূর্ব পাকিস্তানে সৃষ্ট ক্ষতের উপশম করতে প্রদত্ত সহায়তার সিংহভাগ ব্যয় করতে হবে। (৩১ মার্চ, ১৯৭১ প্রকাশিত)অনুবাদ: এম এ মোমেন